
Asian Games 2026: প্রবল বৃষ্টির জেরে আফগানিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ভেস্তে গেছে। আর তাতেই এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক মাঠে টসের মাত্র ১৬ মিনিট আগে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছেন আফগান ক্রিকেটার মহম্মদ আক্রম জাজাই (Asian Games 2026)। এর আগে ২০২৩ সালের হাংঝাউ এশিয়ান গেমসেও বৃষ্টির কারণে, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় ভারতেরই লাভ হয়েছিল। টুর্নামেন্টের নিয়ম বলছে, বৃষ্টির কারণে নকআউট ম্যাচ বাতিল হতে গেলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই দলগুলির সিডিং ঠিক করা হয়েছে। র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে থাকার সুবাদে ভারত সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে (India vs Afghanistan cricket)।
মঙ্গলবার, নেপাল এবং শ্রীলঙ্কার মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে। এই ম্যাচের বিজয়ীদের সঙ্গেই বৃহস্পতিবার, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কেই হবে এই লড়াই। গ্রুপ পর্ব না খেলেই সরাসরি কোয়ার্টারে ওঠা চারটে দলের মধ্যে শ্রীলঙ্কা অন্যতম। তাই নেপালের বিরুদ্ধে ম্যাচটিও যদি বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে ভেস্তে যায়, তাহলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শ্রীলঙ্কাই সেমিতে ভারতের প্রতিপক্ষ হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের কারণে মূল দলের খেলোয়াড়রা ব্যস্ত থাকায়, এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা দল: আশান বান্দারা, লাসিথ ক্রুসপুলে, সিনেথ জয়াবর্ধনে, নিরোশান ডিকওয়েলা (উইকেটকিপার-ব্যাটার), নুভানিদু ফার্নান্দো, সাহান আরাচিগে (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুশান হেমন্ত, বিনুরা ফার্নান্দো, বিজয়কান্ত বিয়সকান্থ, নুয়ান তুষারা, থারিন্ডু রত্নায়েকে, ভানুজা সাহান, সোহান ডি লিভেরা, গারুকা সংকেথ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।