
Ball Tampering: ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দেওয়া বল বিকৃতি বিতর্কে নতুন করে আর কোনও তদন্ত করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে। বলে কারচুপি করার প্রমাণ মেলায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে নির্বাসিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (Ball Tampering)। তবে সম্প্রতি দলেরই সদস্য উসমান খাওয়াজা দাবি করেছেন, শুধু ওই তিন জনই নয়, দলের সবাই এই পরিকল্পনার কথা জানত। খাওয়াজার নতুন আত্মজীবনী প্রকাশের আগেই এই তথ্য সামনে আসায় ফের তদন্তের দাবি জোরালো হয়। আর এই প্রেক্ষাপটেই নিজেদের অবস্থান স্পষ্ট করল ক্রিকেট অস্ট্রেলিয়া। চিফ এক্সিকিউটিভ টড গ্রিনবার্গ পরিষ্কার জানিয়েছেন, আট বছর আগের একটা ঘটনা নিয়ে নতুন করে তদন্ত করার কোনও মানে হয় না। আগের তদন্ত প্রক্রিয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া পুরোপুরি সন্তুষ্ট।
ব্রডকাস্টিং ক্যামেরার নজর এড়িয়ে কীভাবে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করা হবে, তার আসল 'মাস্টার প্ল্যান' নিয়ে খাওয়াজা তাঁর নতুন বই 'সবর' (Sabr)-এ বিস্তারিত লিখেছেন। ২০১৮ সালের কেপটাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রফট স্যান্ডপেপার ঘষতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ে যান। এরপর স্মিথ ও ওয়ার্নারকে নির্বাসনের মুখে পড়তে হয়। খাওয়াজার দাবি, ড্রেসিংরুমে প্রথমে এটা নিছক মজা হিসেবে শুরু হলেও পরে তা মারাত্মক আকার নেয়।
মাঠে ঢোকার সময় বাউন্ডারি লাইনের কাছেই বল বিকৃত করার প্রাথমিক পরিকল্পনা হয়েছিল। বইতে খাওয়াজা লিখেছেন, “আমরা জানতাম মাঠে নামার সময় আম্পায়াররা বল বাউন্ডারি লাইনে রাখবেন। তখন ক্যামেরা আমাদের দিকে থাকবে না। আম্পায়াররা আমাদের থেকে ১০০ মিটার সামনে থাকবেন। সেই সময় আমরা যা খুশি করতে পারতাম। কিন্তু ডেভিড ওয়ার্নার জানান, ক্যামেরা সবসময় তাঁর দিকে ফোকাস করে থাকে, তাই তিনি এটা করতে পারবেন না। এরপর অজি টেস্ট দলে সদ্য সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট নিজেই এই কাজ করার জন্য এগিয়ে আসেন।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।