Rahmat Shah: প্রথম আফগান হিসেবে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা দশে, ইতিহাসে রহমত শাহ

Published : Nov 11, 2026, 04:23 PM IST
Rahmat Shah

সংক্ষিপ্ত

ICC Test Rankings: গত কয়েক বছরে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে শক্তিশালী দল হয়ে উঠেছে আফগানিস্তান (Afghanistan)। টেস্ট ক্রিকেটে আফগানদের খুব একটা ভালো পারফরম্যান্স দেখা যায়নি। তবে এবার আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়ে ইতিহাস গড়লেন রহমত শাহ (Rahmat Shah)।

ICC Test Rankings Top 10: আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন আফগানিস্তানের (Afghanistan) অধিনায়ক রহমত শাহ (Rahmat Shah)। আইসিসি পুরুষদের প্লেয়ার র‍্যাঙ্কিংয়ের (ICC Men's Player Rankings) যে কোনও বিভাগে প্রথমবার সেরা দশে জায়গা করে নিলেন আফগানিস্তানের কোনও ক্রিকেটার। শারজায় (Sharjah) জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এই নজির গড়েছেন রহমত। আইসিসি-র ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় একলাফে ছ'ধাপ উঠে সাত নম্বরে পৌঁছে গিয়েছেন ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রহমত। এটি তাঁর টেস্ট কেরিয়ারের পঞ্চম শতরান এবং চলতি বছরে দ্বিতীয় শতরান। এই ইনিংসের সুবাদে কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও অর্জন করেছেন রহমত।এই সাফল্যের পথে ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill), দক্ষিণ আফ্রিকার (South Africa) এইডেন মার্করাম (Aiden Markram) এবং শ্রীলঙ্কার (Sri Lanka) কামিন্দু মেন্ডিসের (Kamindu Mendis) মতো তারকা ব্যাটারদের পিছনে ফেলেছেন তিনি। আফগানিস্তান ক্রিকেটের জন্যও এটি নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

আফগান ক্রিকেটে পরপর সুখবর

চলতি মাসের শুরুতেই জিম্বাবোয়ে ও বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ জিতে আইসিসি পুরুষদের ওয়ান ডে দলের ক্রমতালিকায় নিজেদের সর্বোচ্চ ষষ্ঠ স্থানে উঠে এসেছিল আফগানিস্তান। এবার টেস্ট ব্যাটারদের তালিকায় রহমতের এই সাফল্য সেই অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করল। এদিকে, শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অপরাজিত দ্বিশতরান করে টেস্ট ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন জিম্বাবোয়ের অভিজ্ঞ ক্রিকেটার ক্রেগ আরভিন। একলাফে ন'ধাপ উঠে ৪৮ নম্বরে পৌঁছেছেন তিনি। অন্যদিকে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের পরেও একাধিক ক্রিকেটারের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ ১২ ধাপ উঠে ৫২ নম্বরে পৌঁছেছেন। বাংলাদেশের তাওহিদ হৃদয় প্রথম ১০০-র বাইরে থেকে উঠে এসেছেন ৬০ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আমির জাঙ্গুও ২৮ ধাপ এগিয়ে ৬২ নম্বরে জায়গা করে নিয়েছেন। বোলারদের তালিকায় বড় উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকানের। সিরিজের সেরা খেলোয়াড় হওয়ার সুবাদে টেস্ট বোলারদের ক্রমতালিকায় ১১ ধাপ উঠে যুগ্মভাবে ১৯ নম্বরে পৌঁছেছেন তিনি। টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও চার ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন ওয়ারিকান। তাঁর সতীর্থ জাস্টিন গ্রিভসও দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এক ধাপ উঠে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় যুগ্মভাবে অষ্টম স্থানে রয়েছেন।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ভারতের বোলারদের উন্নতি

এদিকে, ভারত ও নিউজিল্যান্ডের (India vs New Zealand) চলতি ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচের পর আইসিসি ওয়ান ডে বোলারদের ক্রমতালিকায় উন্নতি হয়েছে তিন ভারতীয় বোলারের। ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচে ২৮ রানে দু'টি উইকেট নিয়ে ২৩ ধাপ এগিয়ে ২১ নম্বরে পৌঁছেছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। সিরিজের প্রথম ম্যাচে অকল্যান্ডে চার উইকেট নিয়ে ১১ ধাপ উঠে যুগ্মভাবে ৩১ নম্বরে জায়গা পেয়েছেন বাঁ হাতি পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। তবে সবচেয়ে উন্নতি হয়েছে পেসার গুরনুর ব্রারের (Gurnoor Brar)। চলতি সিরিজে এখনও পর্যন্ত সাতটি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। সেই পারফরম্যান্সের সুবাদে প্রথম ১০০-র বাইরে থেকে একলাফে ৪৮ নম্বরে উঠে এসেছেন গুরনুর। নিউজিল্যান্ডের দুই পেসার জ্যাকব ডাফি ও কাইল জেমিসনেরও উন্নতি হয়েছে। আট ধাপ উঠে ৪৩ নম্বরে পৌঁছেছেন ডাফি। অন্যদিকে, ২৪ ধাপ এগিয়ে ৬০ নম্বরে জায়গা করে নিয়েছেন জেমিসন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Usman Khawaja: বল-বিকৃতি নিয়ে নতুন বিতর্ক, সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন উসমান খাজা
Virat Kohli: ভাইফোঁটায় দিদি ভাবনার আবেগঘন বার্তা, কী বললেন দাদা বিরাট কোহলি?