
Pakistan Cricket: পাকিস্তানকে ১১ রানে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিল বাংলাদেশ (Bangladesh cricket team victory)। তিন ম্যাচের এই সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরল টাইগাররা। সিরিজের নির্ণায়ক শেষ ম্যাচে, বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে, পাকিস্তান (Pakistan Cricket) মাত্র ২৭৯ রানেই অলআউট হয়ে যায়। বাংলাদেশের এই জয়ের নায়ক হলেন তানজিদ হাসান, যিনি একটি দুর্দান্ত সেঞ্চুরি উপহার দেন।
এই ম্যাচে টস জিতে পাকিস্তান প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে তাদের দিকেই। বাংলাদেশের হয়ে সইফ হাসান (৩৬) এবং তানজিদ হাসান (১০৭) দুর্দান্ত শুরু করেন। ওপেনিং জুটিতেই তারা ১৮.৫ ওভারে ১১৮ রান যোগ করেন। এরপর নাজমুল হোসেন শান্ত (৪১), লিটন দাস (৪৮) এবং তৌহিদ হৃদয় (৪৮)-এর মতো ব্যাটাররাও ভালো রান পাওয়ায় বাংলাদেশের স্কোর সহজেই ২৯০-তে পৌঁছে যায়।
বড় রান তাড়া করতে নেমে, পাকিস্তানের শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ১৭ রানেই তারা তিনটি উইকেট হারায়। ৮২ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যাওয়ায় ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় তারা।
সেখান থেকে সলমন আলী আঘা ১০৬ রান করে কার্যত, একা লড়াই চালিয়ে যান। প্রথমে সাদ মাসুদ এবং পরে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিকে (৩৭) সঙ্গে নিয়ে তিনি দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন। একটা সময় মনে হচ্ছিল, আঘা হয়তো ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়বেন। কিন্তু ৪৭তম ওভারে, তিনি আউট হতেই পাকিস্তানের সব আশা শেষ হয়ে যায়। শেষপর্যন্ত, ১১ রানে হেরে সিরিজ খোয়াতে হয় তাদের।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ চারটি এবং মুস্তাফিজুর রহমান তিনটি উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপকে ভেঙে দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।