
BCCI Awards 2025: ভারতীয় ক্রিকেটের সেরা পারফর্মারদের সম্মান জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) পুরুষ বিভাগে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শুভমান গিল এবং মহিলা বিভাগে এই সম্মান পেয়েছেন স্মৃতি মান্ধানা। অন্যদিকে, কিংবদন্তি ক্রিকেটার তথা ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করে বিসিসিআই। রবিবার দিল্লিতে, একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার তুলে দেওয়া হয় তাদের হাতে (BCCI Awards 2025)।
পুরুষদের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য পলি উমরিগর পুরস্কার জিতেছেন শুভমান গিল। গত ২০২৩ সালের পর, এই নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন তিনি। অন্যদিকে, মহিলা ক্রিকেটে স্মৃতি মান্ধানা পঞ্চমবারের জন্য এই খেতাব অর্জন করলেন।
প্রসঙ্গত, ২০২৫ সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই গিলকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। রোহিত শর্মার পর, প্রথমবার টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাটিং এবং অধিনায়কত্ব, দুই বিভাগেই নজর কাড়েন। ইংল্যান্ড সফরে ৫টি টেস্টে ৭৫৪ রান করেন শুভমান। গড় ৭৫.৪০। যার মধ্যে চারটি সেঞ্চুরিও ছিল। ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে, সেখানেও বড় অবদান রাখেন গিল।
বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন তিনি এবং টুর্নামেন্টে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। অন্যদিকে, বিসিসিআই-এর তরফে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হয় কিংবদন্তি ক্রিকেটার তথা ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে। ভারতের প্রাক্তন কোচ জানিয়েছেন, “ভারতীয় ক্রিকেটে প্রতিভার কোনও অভাব নেই। এটা এমন একটা সময়, যখন সবদিক থেকে দেশের প্রতিভারা তাদের সেরাটা উপহার দিচ্ছে। মাঠের বাইরে আমরা যখনই যা চেয়েছি, সেটাই পেয়েছি। এখনকার ক্রিকেটারেরাও ঠিক সেটাই পাচ্ছে। তাই সেটাই প্রতিফলিত হচ্ছে তাদের খেলায়।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।