
IPL 2026 Updates: আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই মাঠের বাইরে সমস্যায় পড়ে গেল এই ফ্র্যাঞ্চাইজি-বেসড টি-২০ লিগের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সিএসকে-র বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) মামলা দায়ের করেছে সান টিভি নেটওয়ার্ক লিমিটেড (Sun TV Network Limited)। সিএসকে-র বিরুদ্ধে বেআইনিভাবে 'জেলার' (Jailer), 'জেলার ২' (Jailer 2) ও 'কুলি' (Coolie) ছবির গান, সংলাপ ও ব্যাকগ্রাউন্ড ট্র্যাক ব্যবহারের অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে সিএসকে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে এবারের আইপিএল-এর জন্য নতুন জার্সি প্রকাশ অনুষ্ঠানের ভিডিও শেয়ার করা হয়। এই ভিডিওগুলিতে কিংবদন্তি চলচ্চিত্র তারকা রজনীকান্তের (Rajinikanth) ছবির গান ব্যবহার করা হয়। বিতর্ক তৈরি হওয়ার পর সেই ভিডিওগুলি সরিয়ে ফেলা হয়। তারপর নতুন করে সেই ভিডিওগুলি শেয়ার করা হয়।
সিএসকে-র বিরুদ্ধে অভিযোগে সান টিভি নেটওয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘১.০৩.২০২৬ আইপিএল ২০২৬-এর জন্য সরকারিভাবে সিএসকে-র জার্সি উন্মোচন করা হয়। ইনস্টাগ্রাম (Instagram), এক্স (X), ইউটিউব (YouTube) ও ফেসবুকের (Facebook) মতো সোশ্যাল মিডিয়া পেজে প্রচারমূলক ভিডিও শেয়ার করে সমর্থকদের নতুন জার্সি দেখার সুযোগ দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে এই ভিডিওগুলিতে দেখা যায়, জেলার, জেলার ২ ও কুলি ছবির অডিও ট্র্যাক ও সংলাপ ব্যবহার করা হয়েছে। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) আগমনের দৃশ্যও অনুকরণ করা হয়েছে।’ এই কারণেই সিএসকে-র বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সান টিভি।
আদালতে সান টিভি নেটওয়ার্ক লিমিটেডের পক্ষ থেকে দায়ের করা মামলায় বলা হয়েছে, বেআইনিভাবে গান ও সংলাপ ব্যবহার করার মাধ্যমে প্রচার করে যে নতুন জার্সি বিক্রি করা হয়েছে, সেই জার্সি বিক্রি থেকে প্রাপ্ত অর্থের হিসেব দিতে হবে সিএসকে-কে। বেআইনিভাবে জার্সি বিক্রি করার মাধ্যমে আর্থিক লাভ করতে দেওয়া যাবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।