IPL 2026: দু'সপ্তাহ পরেই শুরু হচ্ছে আইপিএল ২০২৬। এই লিগের ইতিহাসে সফলতম দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) গত কয়েক মরসুমের ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। এবারও দলের প্রধান ভরসা আইপিএল-এর ইতিহাসে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁকে দলে রেখেই পরিকল্পনা করছে সিএসকে ম্যানেজমেন্ট।

DID YOU
KNOW
?
এবারই শেষ আইপিএল ধোনির?
চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল-এ খেলার পরেই পেশাদার ক্রিকেট থেকে অবসর নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এই জল্পনা চলছে।

MS Dhoni: এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে সব ম্যাচেই খেলার জন্য তৈরি মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি কোন ভূমিকায় থাকবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন কোচিং স্টাফের সদস্যরা। বুধবার এমনই জানিয়েছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan)। তিনি এর আগে জানিয়েছিলেন, এবারের আইপিএল-এ খেলবেন ধোনি। এবার সিএসকে সিইও জানালেন, 'ও সব ম্যাচে খেলবে, সব ম্যাচে।' এবারের আইপিএল-এ সিএসকে দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে আছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ফলে ধোনিকে প্রথম একাদশে না রেখে ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) হিসেবে ব্যবহার করা হতে পারে বলে জল্পনা চলছে। এ প্রসঙ্গে সিএসকে সিইও বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এটা ক্রিকেট বিষয়ক সিদ্ধান্ত। প্রশাসনিক সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। ক্রিকেট বিষয়ক সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাঁরাই সিদ্ধান্ত নেবেন ও ব্যাটার হিসেবে খেলবে না উইকেটকিপার-ব্যাটার বা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে।’

এবারই ধোনির শেষ মরসুম?

এবারের আইপিএল নিলামের (IPL 2026 Auction) আগে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) থেকে ট্রেডের মাধ্যমে সঞ্জুকে দলে নেয় সিএসকে। তখনই জল্পনা শুরু হয়, ধোনির বিকল্প খুঁজে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এবারের আইপিএল-এ খেলার পরেই এই কিংবদন্তি পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সিএসকে সিইও।

চেন্নাইয়েই হোম ম্যাচ খেলবে সিএসকে

তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন (2026 Tamil Nadu Legislative Assembly election) ও আইপিএল একসঙ্গে চললেও, সিএসকে সব হোম ম্যাচ চেন্নাইয়ে খেলতে পারবে বলেই আশা প্রকাশ করেছেন সিইও। তিনি বলেছেন, ‘আমাদের শুধু তামিলনাড়ুতেই খেলার কথা। বিসিসিআই (BCCI) কবে সূচি ঘোষণা করবে, আমরা এখন তারই অপেক্ষায়।’ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলে তারপরেই আইপিএল-এর সূচি ঘোষণা করতে পারে বিসিসিআই। আইপিএল-এর সব ফ্র্যাঞ্চাইজি তারই অপেক্ষায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।