
CSK vs SRH: যে ম্যাচে সঞ্জু স্যামসনের ব্যাট চলল না, সেই ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ রানে হেরে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings vs Sunrisers Hyderabad)। প্রথমে ব্যাট করে হায়দরাবাদের দেওয়া ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৮৪ রানেই আটকে যায় সিএসকে-র ইনিংস (shr vs csk)।
শেষ ওভারে, জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ১৮ রান। ক্রিজে ছিলেন জেমি ওভারটন এবং অংশুল কাম্বোজ। প্রফুল হিঙ্গের করা শেষ ওভারের প্রথম দুই বলে ৩ রান আসে। তৃতীয় বলটি নো-বল হলেও তার ফায়দা তুলতে পারেননি অংশুল কাম্বোজ। চতুর্থ বলে ওভারটন আউট হতেই চেন্নাইয়ের জয়ের আশা শেষ হয়ে যায়।
চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন ম্যাথিউ শর্ট, ৩০ বলে ৩৪। আয়ুষ মাত্রে ১৩ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন, কিন্তু সঞ্জু স্যামসন ৩ বলে মাত্র ৭ রান করে আউট হন। হায়দরাবাদের হয়ে ইশান মালিঙ্গা তিনটি এবং নীতিশ কুমার রেড্ডি দুটি উইকেট নেন। এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল। অন্যদিকে, চেন্নাই আট নম্বরেই রইল।
স্কোর: সানরাইজার্স হায়দরাবাদ ১৯৪/৯ (২০ ওভার), চেন্নাই সুপার কিংস ১৮৪/৮ (২০ ওভার)।
গত দুটি ম্যাচে, চেন্নাইয়ের জয়ের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন। কারণ, তিনিই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে ছক্কা মেরে ইনিংস শুরু করলেও নীতিশ কুমার রেড্ডির করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। সঞ্জু আউট হওয়ার পর, আয়ুষ মাত্রে শু চেন্নাইকে কিছুটা আশা জোগান। চার ওভারেই চেন্নাই ৬০ রান পার করে ফেলে।
কিন্তু আয়ুষ মাত্রের চোট দলের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। চোটের জেরে দৌড়াতে কিছুটা অসুবিধা হওয়ায় পঞ্চম ওভারেম তিনি আউট হয়ে যান। এরপর ইশান মালিঙ্গার বলে ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ও (১৩ বলে ১৯) আউট হন। কিন্তু পাওয়ার প্লে-তে চেন্নাই ৭৬ রান তুলে ফেলে। সরফরাজ খান এবং ম্যাথিউ শর্ট মিলে নবম ওভারে চেন্নাইকে ১০০ রানের গণ্ডি পার করে দেন।
তবে খেলার ১১ ওভারে, সরফরাজ খানকে (১৯ বলে ২৫) ইশান মালিঙ্গা এবং দ্বাদশ ওভারে ডেওয়াল্ড ব্রেভিসকে (০) শিবাঙ্গ কুমার আউট করে দিতেই চেন্নাইয়ের ইনিংসে ধস নামে। ম্যাথিউ শর্ট এবং শিবম দুবে মিলে দলকে ১৫০ রানের কাছাকাছি নিয়ে গেলেও রানের গতি বাড়াতে পারেননি।
৩০ বলে ৩৪ রান করা শর্টকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইশান মালিঙ্গা। এরপর সাকিব হুসেন ১৬ বলে ২১ রান করা শিবম দুবেকে বোল্ড করে দিলে চেন্নাইয়ের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। শেষ ওভারে, জয়ের জন্য ১৮ রান দরকার হলেও জেমি ওভারটন এবং অংশুল কাম্বোজ সেই লক্ষ্যে পৌঁছতে পারেননি।
এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ওপেনার অভিষেক শর্মা এবং হেনরিখ ক্লাসেনের বিধ্বংসী হাফ-সেঞ্চুরির সৌজন্যে ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে। অভিষেক মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেন এবং ২২ বলে ৫৯ রানে আউট হন। অন্যদিকে, ক্লাসেন ৩৯ বলে ৫৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক ঈশান কিষাণ গোল্ডেন ডাক হন এবং ট্র্যাভিস হেড করেন ২৩ রান।
অভিষেক এবং ক্লাসেন ছাড়া হায়দরাবাদের আর কোনও ব্যাটসম্যান সেভাবে নজর কাড়তে পারেননি। চেন্নাই সুপার কিংসের হয়ে জেমি ওভারটন এবং অংশুল কাম্বোজ ৩টি করে উইকেট নেন, এবং মুকেশ চৌধুরী ২টি উইকেট পান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।