Indian Street Premier League 4: পাড়ায় পাড়ায় যেভাবে টেনিস বলে ১০ ওভারের খেলা হয়, সেই খেলাকেই ঝাঁ চকচকে মোড়কে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ চালু করা হয়েছে। টেনিস বলের টি-১০ লিগের তিন মরসুমের খেলা হয়ে গিয়েছে। এই লিগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার চতুর্থ মরসুমের খেলা হতে চলেছে গোয়ায় (Goa)।
KNOW
Indian Street Premier League Season 4: ভারতের টেনিস বলের টি-১০ ক্রিকেট লিগ ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের চতুর্থ মরসুম আয়োজনের দায়িত্ব নিতে চলেছে গোয়া সরকার (Government of Goa)। এই প্রতিযোগিতার পাশে দাঁড়িয়েছে ৬ ডিসেম্বর ২০২৬ থেকে ৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে আইএসপিএল-এর চতুর্থ সংস্করণ। গোয়ার ভার্নায় (Verna) ১৯১৯ স্পোর্টজ ক্রিকেট স্টেডিয়ামে (1919 Sportz Cricket Stadium) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সমস্ত ম্যাচ। মুম্বইয়ে (Mumbai) আইএসপিএলের চতুর্থ মরসুমের খেলোয়াড় নিলামের মঞ্চেই এই ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে লিগের জনপ্রিয়তা ও বিস্তার বাড়ানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ক্রীড়া ও পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে গোয়ার সঙ্গে আইএসপিএল-এর এই সংযোগ নতুন মাত্রা যোগ করবে।
গোয়ায় টি-১০ লিগের আসর
উন্নত ক্রীড়া পরিকাঠামো, পর্যটকদের আকর্ষণ এবং বড়মাপের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা, সবমিলিয়ে আইএসপিএল-এর চতুর্থ মরসুমের জন্য আদর্শ জায়গা গোয়া। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল স্তরের ক্রিকেটকে আরও জনপ্রিয় করার পাশাপাশি গোয়ার ক্রীড়া-পর্যটনের সম্ভাবনাকেও তুলে ধরতে চায় আয়োজকরা। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়ানো এবং লিগকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসার সুযোগ তৈরি করাও তাদের লক্ষ্য। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Dr. Pramod Sawant) বলেছেন, ‘আমাদের লক্ষ্য হল শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা এবং প্রতিটি স্তরের প্রতিভাকে যথাযথ স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি করা। তৃণমূল স্তরের ক্রিকেটকে সমর্থন করা এবং প্রতিভাবান উঠতি ক্রিকেটারদের জাতীয় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে আইএসপিএলের উদ্যোগ আমাদের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। লিগের চতুর্থ মরসুম গোয়ায় আয়োজনের জন্য আমরা পাশে থাকতে পেরে খুশি। এই ধরনের উদ্যোগ দেশের ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করে এবং খেলাধুলার চেতনাকে উদযাপন করে।’ গোয়ার সমাজকল্যাণমন্ত্রী সুভাষ ফালদেসাইয়ের কথায়, 'সামাজিক অন্তর্ভুক্তি, আত্মবিশ্বাস তৈরি এবং বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের জন্য সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইএসপিএল-এর তৃণমূল স্তরের উদ্যোগ ক্রিকেটকে আরও সহজলভ্য করে তুলছে। বিভিন্ন পটভূমি থেকে উঠে আসা প্রতিভাবান ক্রিকেটাররা জাতীয় মঞ্চে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাচ্ছেন। গোয়ায় এই লিগকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আশা করি, এর ফলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়বে।'
উৎসাহ দিচ্ছেন সচিন
আইএসপিএল-এর কোর কমিটির সদস্য সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) বলেছেন, ‘ভারতে ক্রিকেট প্রতিভার অভাব নেই। অনেক সময় সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটীয় কাহিনির শুরু হয় রাস্তা বা পাড়ার অলিগলি থেকে। সেই প্রতিভাকে চিহ্নিত করে উঠতি ক্রিকেটারদের পরবর্তী ধাপে পৌঁছনোর সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই আইএসপিএল-এর ভাবনা তৈরি হয়েছিল। লিগে খেলে বেশ কয়েকজন ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেটের মূল স্রোতে জায়গা করে নেওয়া অত্যন্ত উৎসাহজনক। এতে আমাদের উদ্যোগের উদ্দেশ্য আরও স্পষ্ট হয়েছে। চতুর্থ মরসুম গোয়ায় নিয়ে যাওয়া এই যাত্রার আরও একটি উত্তেজনাপূর্ণ অধ্যায়। নতুন প্রতিভাদের উঠে আসা দেখার অপেক্ষায় রয়েছি।’ মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী এবং আইএসপিএল-এর কোর কমিটির সদস্য আশিস শেলার বলেছেন, ‘গত তিন মরসুমে আইএসপিএল একটি স্বতন্ত্র ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে নিজেদের জায়গা তৈরি করেছে। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে দৃঢ় যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি পথের ক্রিকেট থেকে উঠে আসা প্রতিভাদের জন্যও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এই লিগ। গোয়া সরকারের সমর্থন আইএসপিএলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে বড় স্বীকৃতি। এই সংযোগ দেশের বিভিন্ন প্রান্তে লিগের বিস্তার আরও বাড়াবে এবং ভারতের ক্রীড়াক্ষেত্রে নতুন ধরনের উদ্যোগের সম্ভাবনাকেও তুলে ধরবে।’ আইএসপিএল-এর কোর কমিটির সদস্য তথা লিগ কমিশনার সুরজ সামত জানান, 'গোয়া সরকারের সহযোগিতায় আমরা উঠতি ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ তৈরি করতে চাই। স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়িয়ে ‘স্ট্রিট টু স্টেডিয়াম’ যাত্রাকে আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই সহযোগিতার জন্য গোয়া সরকারকে ধন্যবাদ। আশা করি, একসঙ্গে আমরা সফল একটি মরসুম উপহার দিতে পারব।'
জনপ্রিয় হয়ে উঠেছে এই লিগ
২০২৪ সালে পথচলা শুরু করার পর থেকেই ভারতের অন্যতম আকর্ষণীয় তৃণমূল স্তরের ক্রিকেট লিগ হিসেবে উঠে এসেছে আইএসপিএল। রাস্তার ক্রিকেটের উত্তেজনাকে পেশাদার স্টেডিয়ামভিত্তিক প্রতিযোগিতার রূপ দিয়েছে এই লিগ। সচিন তেন্ডুলকর, আশিস শেলার, মিনাল অমল কালে এবং সুরজ সামতের মতো ব্যক্তিত্বদের নিয়ে গঠিত কোর কমিটির নেতৃত্বে উঠতি ক্রিকেটারদের জাতীয় স্তরে প্রতিভা তুলে ধরার মঞ্চ তৈরি করেছে আইএসপিএল। ইরফান উমের এবং বিবেক শেলারের মতো ক্রিকেটারদের সাফল্য এই লিগের তৃণমূল স্তরে প্রভাবের উদাহরণ। আইএসপিএল-এ খেলার পর তাঁরা ঘরোয়া ক্রিকেটে রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। রাস্তার ক্রিকেট থেকে উঠে আসা প্রতিভাদের সামনে পেশাদার ক্রিকেটের দরজা খুলে দেওয়ার কাজ করে চলেছে এই প্রতিযোগিতা। আগের তিনটি মরসুম মুম্বই ও সুরাটে আয়োজিত হয়েছিল। সেখানে ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার গোয়ায় পা রাখছে আইএসপিএল। চতুর্থ মরসুমে আরও বড় আয়োজন এবং দেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার লক্ষ্য রয়েছে আয়োজকদের। এই লিগের সঙ্গে যুক্ত রয়েছেন একাধিক জনপ্রিয় তারকা ফ্র্যাঞ্চাইজি মালিকও। তাঁদের মধ্যে রয়েছেন সলমন খান, অমিতাভ বচ্চন, অজয় দেবগন, হৃতিক রোশন, সইফ আলি খান ও করিনা কাপুর খান, সূর্য এবং রাম চরণ। তাঁদের উপস্থিতি আইএসপিএলের জনপ্রিয়তা ও জাতীয় স্তরে পরিচিতি বাড়িয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।










