
Nepal vs England: হিমালয়ের পাদদেশে ব্যাট-বলের লড়াই। গত কয়েক বছরে নেপালে ক্রিকেটের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। কিন্তু কোনও প্রথমসারির দল এখনও নেপাল সফরে যায়নি। এবার সেই সফরের পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board)। ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে সাদা বলের সিরিজ খেলতে নেপাল সফরে যেতে পারে ইংল্যান্ড দল। চলতি বছরের শুরুতে ভারতে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলতে এসেছিল ইংল্যান্ড ও নেপাল দল। সেই সময়ই দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের মধ্যে প্রস্তাবিত সফরের বিষয়ে আলোচনা হয়। ভারত সফরে আসার আগে নেপাল সফরে গিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার পরিকল্পনা করছে ইংল্যান্ড। সত্যিই যদি এই সফর হয়, তাহলে নেপাল ক্রিকেট নিয়ে আগ্রহ বাড়বে। এই কারণেই নেপাল সফরের কথা ভাবছে ইসিবি।
টি-২০ বিশ্বকাপ চলাকালীন পুরুষদের সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার নেপালের মুখোমুখি হয় ইংল্যান্ড। মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) এই ম্যাচে দুর্দান্ত লড়াই করে নেপাল। তারা মাত্র চার রানে হেরে যায়। নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পরশ খাডকা (Paras Khadka) এখন নেপাল ক্রিকেট সংস্থার (Cricket Association of Nepal) সচিব। তিনি এই ম্যাচের পর ইসিবি কর্তাদের সঙ্গে দেখা করেন। এই বৈঠকেই ইংল্যান্ড দলের নেপাল সফর নিয়ে আলোচনা হয়। ইংল্যান্ডের পুরুষ দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট এবং বিভিন্ন দেশের টি-২০ লিগ খেলতে সারা বছর ব্যস্ত থাকলেও, তিন ম্যাচের সিরিজ খেলতে নেপালে যাওয়ার সময় বের করে নিতেই পারেন।
নেপালের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত পৌডেল (Rohit Paudel) বলেছেন, ‘অস্ট্রেলিয়া (Australia) বা ইংল্যান্ড ভারত সফরে এলে খুব ভালো হবে। সেক্ষেত্রে আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারব যে নেপালও ক্রিকেট খেলে। এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।