
Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে আবার আইপিএলের আঙিনায় ফিরিয়ে আনতে ঝাঁপিয়েছে বেশ কয়েকটি বড় ফ্র্যাঞ্চাইজি। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৮ আইপিএল মরশুমকে পাখির চোখ করে গম্ভীরকে মেন্টর বা হেড কোচ করার জন্য ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে চারটি ফ্র্যাঞ্চাইজি। প্রসঙ্গত, গম্ভীর এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ভারতীয় দলের সঙ্গেই ব্যস্ত রয়েছেন। বিসিসিআইয়ের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত। যদিও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক পর্যন্ত গম্ভীরের মেয়াদ বাড়তে পারে, তাও ভবিষ্যতের কথা ভেবে ফ্র্যাঞ্চাইজিগুলো এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে।
রিপোর্ট অনুযায়ী, গম্ভীরের পুরনো টিম কলকাতা নাইট রাইডার্স ছাড়া রাজস্থান রয়্যালসও তাঁর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে। পাশাপাশি আইপিএলের অন্যতম সফল একটি দল এবং এখনও ট্রফি না পাওয়া আরেকটি ফ্র্যাঞ্চাইজিও গম্ভীরকে দলে নিতে বেশ আগ্রহী। তবে বিসিসিআইয়ের 'স্বার্থের সংঘাত' নিয়মের কারণে ভারতীয় দলের কোচের পদে থাকা অবস্থায় তিনি কোনও আইপিএল দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না। তাই বিসিসিআই চুক্তির মেয়াদ বাড়ায় কি না, তার ওপরই নির্ভর করছে এই উদ্যোগের ভবিষ্যৎ। কোচ এবং মেন্টর হিসেবে আইপিএলে গম্ভীরের রেকর্ড চমৎকার। ২০২২ ও ২০২৩ মরশুমে লখনউ সুপার জায়ান্টসকে মেন্টর হিসেবে প্লে-অফে তুলেছিলেন তিনি। এরপর শাহরুখ খানের ডাকে সাড়া দিয়ে ফেরেন কলকাতায়। ২০২৪ সালে শ্রেয়স আয়ারের অধিনায়কত্বে দীর্ঘ ১০ বছরের খরা কাটিয়ে কেকেআর-কে তৃতীয়বার আইপিএল ট্রফি জেতান গম্ভীর।
গম্ভীর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর কেকেআর বা লখনউ—কোনও দলই আর পরের মরশুমে প্লে-অফে উঠতে পারেনি। সেই কারণেই নতুন কোচিং স্টাফ তৈরির জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো এখন থেকেই গম্ভীরকে পাওয়ার চেষ্টা চালাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।