
Gautam Gambhir News: ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের জন্যই কি টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)? স্বয়ং গম্ভীর এই জল্পনা উস্কে দিয়েছেন। তিনি কলকাতায় এক অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছেন, তাঁর সঙ্গে বিরাট ও রোহিতের সম্পর্কের অবনতি সংক্রান্ত যে খবর প্রচারিত হয়েছিল, তা মিথ্যা নয়। তিনি ভুল করেছেন বলেও স্বীকার করেছেন। গম্ভীর বলেছেন, ‘আমি একজন মানুষ। আমাকে ভুল করতে দেওয়া উচিত। খেলোয়াড়দেরও ভুল করতে দেওয়া উচিত। গত ১৮ মাসে আমি নিশ্চয়ই ভুল করেছি। আমি সে কথা অস্বীকার করছি না বা এড়িয়ে যাচ্ছি না। কিন্তু আমি সবসময় একটা কথা বিশ্বাস করে এসেছি, ঠিক উদ্দেশ্য নিয়ে ভুল সিদ্ধান্ত মেনে নেওয়া যায়। কিন্তু ভুল উদ্দেশ্য নিয়ে ভুল সিদ্ধান্ত কোনও সময়েই ড্রেসিংরুমে মেনে নেওয়া যায় না। আমি যতক্ষণ ড্রেসিংরুমের প্রতি সৎ আছি, আমি যতক্ষণ সবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি, আমার মনে হয় নিজের পদে থেকে কাজ ভালোভাবেই করছি।’
বিরাট ও রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই ফর্ম্যাটে ভারতীয় দল যেমন সাফল্য পেয়েছে, তেমনই ব্যর্থতাও এসেছে। শুবমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) টেস্ট সিরিজ ড্র করে। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতে ভারত। কিন্তু তারপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে যায় ভারত।
ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছে, গম্ভীরকে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে রেখে দিয়ে অন্য কাউকে টেস্ট ক্রিকেটের দায়িত্ব দেওয়া হতে পারে। এক্ষেত্রে দায়িত্ব নিতে রাজি থাকলে এগিয়ে প্রাক্তন ব্যাটার ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।