
ICC World Cup 2027: ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বড় তথ্য সামনে এল (icc cricket world cup 2027 news)। পরের বছর, একদিনের ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে এবং নামিবিয়ায়। কবে শুরু হবে সেই মেগা টুর্নামেন্ট (icc world cup 2027 dates)?
গত মে মাসে, আহমেদাবাদে আইসিসি-র বৈঠকে বিশ্বকাপের দিনক্ষণ সংক্রান্ত বিষয়ে শিলমোহর পড়েছে বলে জানা গেছে। চলতি বছরের জুলাই মাসে, এডিনবরায় বার্ষিক সাধারণ সভা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের। সেখানেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপের দিনক্ষণ।
একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে আগামী ৪ অক্টোবর থেকে এবং শেষ হবে ২১ নভেম্বর। অর্থাৎ, মোট দেড় মাসের উপর সময় ধরে বিশ্বকাপ চলবে। এখনও অবধি যা খবর, দক্ষিণ আফ্রিকাতেই বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা।
৫৪টি ম্যাচের মধ্যে ৪১টি খেলা হবে দক্ষিণ আফ্রিকায়। জ়িম্বাবোয়ে ৮-১০টি ম্যাচ আয়োজন করবে এবং নামিবিয়ায় খেলা হবে তিনটি ম্যাচ। জ়িম্বাবোয়ের মাটিতে হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ে এবং ভিক্টোরিয়া ফলসে খেলা হবে। আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপ মোট ১৪টি দেশ নিয়ে হবে। দুটি গ্রুপে ভাগ করা হবে তাদের। গ্রুপ-এ এবং গ্রুপ-বি। এই দুটি গ্রুপ থেকে সেরা তিনটি দল সুপার সিক্স পর্বে খেলবে।
অন্যদিকে, আইসিসি-র পূর্ণ সদস্য দেশ হিসেবে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং জ়িম্বাবোয়ে যোগ্যতা অর্জন করে ফেলেছে বিশ্বকাপে। ত্যবে নামিবিয়া যোগ্যতা অর্জন পর্বে খেলছে। পাশাপাশি ২০২৭-২০৩১ আইসিসি-র ফিউচার ট্যুরস প্রোগ্রামের অন্তর্গত প্রথম বড় ইভেন্ট হতে চলেছে ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ।
চলতি বছরের শেষদিকে, হংকংয়ে আইসিসি-র বৈঠকে এফটিপি-র বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে এখনও একটি বড় বিষয় নিয়ে আলোচনা বাকি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গঠন এবং সেই প্রতিযোগিতার সময় কি বাড়ানো হবে? সেটা নিয়েও আলোচনা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।