IND vs NZ 1st Test 2026: ওয়েললিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত। আর সেই ম্যাচেই নয়া রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। টেস্ট ম্যাচের ইতিহাসে এই রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটাররা। কোনও একটি অ্যাওয়ে টেস্ট ম্যাচের একই ইনিংসে প্রথম পাঁচজন ব্যাটারই অন্তত ৫০ রান করেছেন (IND vs NZ 1st Test 2026)। অর্থাৎ, হাফ সেঞ্চুরি করেছেন। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আক্ষরিক অর্থেই একটি নতুন রেকর্ড (India vs New Zealand Test Match)।
প্রসঙ্গত, এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। আর প্রথমে ব্যাট করতে নেমে, ৩৬৮ রানেই অল-আউট হয়ে যায় কিউয়িরা। অধিনায়ক টম ল্যাথাম কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার ডেভন কনওয়ে করেন ৪ রান। তবে মিডল অর্ডারে নেমে বেশ লড়াকু ব্যাটিং করেন হেনরি নিকোলস। তাঁর ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস বেশ প্রশংসনীয়। পাশাপাশি রাচিন রবীন্দ্র করেন ১৫ রান, ড্যারিল মিচেলের ঝুলিতে ১ রান এবং দলের উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেলের সংগ্রহে ৫ রান। যদিও পরেরদিকে নেমে গ্লেন ফিলিপস বেশ ভালো খেলেন। তিনি করেন ১১৮ রান।
Another century stand 💪
Another reason for us to smile 😌
Superb batting display, ft. Shubman Gill and Rishabh Pant 🤝
#TeamIndia | #NZvIND | @ShubmanGill | @RishabhPant17 https://t.co/Zsk42F20vr
— BCCI (@BCCI) November 21, 2026
এছাড়া নাথান স্মিথ ১৪ রান, কাইলে জেমিয়েসন ১১ রান, ম্যাট হেনরি ১ রান এবং জেকব ডাফি ৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। ভারতের হয়ে ৪ উইকেট নেন যশপ্রীত বুমরা, ৩টি উইকেট পান আকাশ দীপ, ২ উইকেট নেন আনশুল কম্বোজ এবং একটি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণ। জবাবে ব্যাট করতে নেমে , যথেষ্ট ভালো জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। ওপেনার যশস্বী জয়সওয়াল অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন। তাঁর ঝুলিতে ৮৫ রান। সেইসঙ্গে, কেএল রাহুলের অনবদ্য সেঞ্চুরি এবং ১৩৬ রান। দেবদূত পাডিক্কাল করেন ৮০ রান। অধিনায়ক শুভমান গিল একটুর জন্য শতরান মিস করেন। তাঁর সংগ্রহে ৯৮ রান। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৪৮৬ রান। ক্রিজে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ ৫৫ রানে এবং আনশুল কম্বোজ ০ রানে অপরাজিত আছেন। ভারত এগিয়ে ১১৮ রানে।
আর এই দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সের সুবাদেই নয়া মাইলফলক ছুঁয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট। অ্যাওয়ে টেস্ট ম্যাচের একই ইনিংসে টিম ইন্ডিয়ার প্রথম পাঁচ ব্যাটারই ৫০ রান করেছেন। অর্থাৎ, পাঁচজনই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। যশস্বী, রাহুল, পাডিক্কাল, শুভমান এবং পন্থ। যদিও কোনও একটি টেস্টের একই ইনিংসে প্রথম পাঁচজন ব্যাটারের তরফে হাফ সেঞ্চুরি নতুন বিষয় নয়। ভারতীয় দলের ক্ষেত্রে এর আগে চারবার এমন রেকর্ড তৈরি হয়েছে। কিন্তু প্রতিবারই সেটি হয়েছে দেশের মাঠে। এই প্রথমবার বিদেশের মাটিতে এমন একটি নজির তৈরি হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।