
New Zealand vs India First Test: নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে খেলার জন্য গত কয়েক মাস ধরে নিজেকে তৈরি করেছেন। তার ফলেই সাফল্য পেলেন। শনিবার ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন শতরান করার পর সাবলীল ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন ভারতীয় দলের তারকা ওপেনার কে এল রাহুল (KL Rahul)। এদিন শতরান করার ফলে দক্ষিণ আফ্রিকা (South Africa), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে টেস্ট ম্যাচে শতরান করার নজির গড়লেন রাহুল। তিনি শনিবার ২৯০ বলে ১৩৬ রান করে আউট হয়ে যান। এই ইনিংসের সুবাদে এশিয়ার দ্বিতীয় ওপেনার হিসেবে চারটি 'সেনা' (SENA) দেশেই শতরান করে ফেললেন রাহুল।
চলতি নিউজিল্যান্ড সফরের (India tour of New Zealand 2026) জন্য প্রস্তুতির বিষয় রাহুল জানিয়েছেন, ‘টেস্ট ক্রিকেটে এত দিন খেলার পর কেরিয়ার শেষ হলে প্রত্যেকেই চায় বিভিন্ন দেশের পরিবেশে নিজেকে পরীক্ষা করতে এবং বিশ্বের সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলতে। নিউজিল্যান্ড এমন একটা দেশ, যেখানে অনেক ব্যাটারই রান করতে সমস্যায় পড়েছেন। এখানকার পরিবেশে ব্যাটিং করা কঠিন। তাই আমি এখানে টেস্ট খেলতে চেয়েছিলাম। আরও অনেক টেস্ট খেলার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এর আগে সেই সুযোগ হয়নি। তাই যখন সুযোগ পেলাম, তখন সেটাকে কাজে লাগাতে চেয়েছিলাম।’ নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন রাহুল। কারণ, এর আগে নিউজিল্যান্ডে গিয়ে লাল বলের ক্রিকেট খেলার কোনও অভিজ্ঞতা ছিল না তাঁর। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'গত ছ'সাত মাস ধরে নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেট খেলার কথা ভাবছিলাম। প্রস্তুতি নিয়েছি, এখানে যাঁরা রান করেছেন তাঁদের খেলা দেখেছি। কীভাবে তাঁরা সাফল্য পেয়েছেন, তা বোঝার চেষ্টা করেছি। অনেক পরিশ্রম ও প্রস্তুতির পর যখন মাঠে নামবেন, তখন কাজটা কিছুটা সহজ হয়ে যায়।'
টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে ফিরে আসাও ছন্দ ফিরে পেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন রাহুল। মাঝে প্রায় ১৫ থেকে ১৮ মাস তাঁকে মিডল অর্ডারে ব্যাট করতে হয়েছিল। ফলে ওপেনার হিসেবে ব্যাট করার অভ্যাসে কিছুটা পরিবর্তন এসেছিল। নেটে সেই সমস্যা কাটানোর জন্য সচেতনভাবে কাজ করেছেন তিনি। রাহুলের কথা অনুযায়ী, ‘ওপেনিংয়ে ফিরে আসাটা আমাকে অনেক সাহায্য করেছে। মাঝে ১৫-১৮ মাস ওপেন করিনি। মিডল অর্ডারে খেলেছি। তখন ব্যাটে-বলে সংযোগ করার অভ্যাস তৈরি হয়েছিল। আবার ওপেন করতে ফিরে নেটে সেই বিষয়টি নিয়ে সচেতনভাবে কাজ করেছি। অনুশীলনের সময় কখনও কখনও কম বল খেলার পদ্ধতিও অবলম্বন করেছি।’ পরের ইনিংসগুলিতেও এভাবেই ব্যাটিং করাই রাহুলের লক্ষ্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।