IND vs PAK Match News: ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা এই মুহূর্তে যথেষ্ট অসুস্থ। কিন্তু তারপরেও তাঁর ব্যাটিং নিয়ে যথেষ্ট চিন্তিত পাকিস্তান (india pakistan match)। যদিও অভিষেক আদৌ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবেন কিনা, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। কিন্তু পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির (mohammad amir) ক্রিকেট বিশ্বকে রীতিমতো অবাক করে দিয়ে অভিষেককে 'অলস' বলে অভিহিত করেছেন।
পাকিস্তানের একটি চ্যানেলে আলোচনার সময় আমির বলেন যে, অভিষেক বেশ ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলেন বলে তাঁর ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এমনকি তিনি ভারতীয় তারকার স্কিল নিয়েও প্রশ্ন তোলেন। কে প্রশ্ন তুলছেন? সেই মহম্মদ আমির, যিনি ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত ছিলেন।
'হারনা মানা হ্যায়' নামক একটি শো-তে মহম্মদ আমির জানান, “আমি যতটুকু দেখেছি! সত্যি বলতে গেলে আমার মনে হয়, অভিষেক একজন লোভী। তাঁকে প্রতিটি বলেই কঠোর পরিশ্রম করতে হবে। নাহলে ওর ব্যর্থতার সম্ভাবনাই বেশি। আমার মনে হয় না যে, অভিষেক টেকনিক্যালি ভালো।"
আমির মনে করেন, অভিষেককে থামানোর সবচেয়ে ভালো উপায় হল, তাঁর শরীরের উপর বল করা। আমির আরও যোগ করেন, “ও শুধু দাঁড়িয়ে থাকে এবং চায় যে সব বলই একটা নির্দিষ্ট জায়গায় করা হোক। এটা আমার মনে হয়েছে। হয়ত ও অন্য দলের জন্যও চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু ওর খেলাটা খুবই ঝুঁকিপূর্ণ। আমি ওকে তখনই একজন উপযুক্ত ব্যাটার হিসেবে বিবেচনা করতে পারিনা। এটা করব তখনই, যখন আমি দেখব যে, বলটি সামান্য হলেও স্যুইং করছেম ও ভালোভাবে ট্যাকল করছে এবং একই গতিতে আঘাত করছে।"
তবে আমিরের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় সমর্থকরা। এক্স হ্যান্ডলে আমিরকে রীতিমতো তুলোধোনা করেছেন তারা। একজন লিখেছেন, “অভিষেক স্লগার? আরে, ও তো তোমাদের পাকিস্তানি বোলারদেরকে তুলে তুলে ছক্কা মারে। আমির সাহেব, অবসরের পরেও ভারতীয় ওপেনারদের উপর ফোকাস?"
এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও অভিষেক শর্মা কবে মাঠে নামতে পারবেন, তা এখনও অনিশ্চিত। পেটের সংক্রমণ অনেকটাই ঠিক। অন্য চোটও নেই। বৃহস্পতিবার, অধিনায়ক সূর্যকুমার যাদবও নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি এই বিষয়ে। যদিও দলের সঙ্গে স্টেডিয়ামে আসেন অভিষেক। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম মাঠে এলেন এই তরুণ ওপেনার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।