IPL 2027 Trade: আগামী মাসে গোয়ায় (Goa) আইপিএল ২০২৭-এর জন্য নিলাম হতে চলেছে। তার আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ট্রেডের মাধ্যমে দল গুছিয়ে নিতে চাইছে। এবার শোনা যাচ্ছে, টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর ঘোষণা করা মহম্মদ শামিও (Mohammed Shami) ট্রেডের মাধ্যমে অন্য দলে যোগ দিতে পারেন।

DID YOU
KNOW
?
প্রমাণের লক্ষ্যে শামি
দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ না পেয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহম্মদ শামি। এবার তিনি ফের নিজেকে প্রমাণ করতে চাইছেন।

IPL 2027: আইপিএল-এর আগামী মরসুমের আগে ট্রেড নিয়ে বড়সড় পরিকল্পনা করছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। মহম্মদ শামি (Mohammed Shami) ও স্যাম কারান (Sam Curran) দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে চুক্তির মাধ্যমে দলবদল করতে পারেন। গত শুক্রবার এই সম্ভাব্য ট্রেডের কথা প্রথমবার জানা যায়। দুই দলের মধ্যে কথাবার্তা এখনও চলছে। সংশ্লিষ্ট ক্রিকেটারদের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি ও প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত কাজ এখনও বাকি। তবে এই ট্রেড হলে তা শুধু শামি ও কারানের মধ্যে একের বদলে এক ক্রিকেটার অদলবদল হবে না। আরও কয়েকজন ক্রিকেটার দলবদল করতে পারেন। একাধিক ক্রিকেটারকে নিয়ে আলোচনা চলছে। লখনউয়ের বাঁ হাতি স্পিনার মানিমরণ সিদ্ধার্থকে (Manimaran Siddharth) নিয়েও আলোচনা চলছে। তাঁকে রাজস্থান রয়্যালসে পাঠানো হতে পারে।

ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সিদ্ধার্থ

তামিলনাড়ুর (Tamil Nadu) ২৮ বছর বয়সি ক্রিকেটারকে ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল লখনউ। এখনও পর্যন্ত আইপিএল-এ নয়টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে নয়টি উইকেট। ০২৪ সালের আইপিএল-এ বিরাট কোহলির (Virat Kohli) মতো গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেটও নিয়েছিলেন সিদ্ধার্থ। আইপিএল-এর আগামী মরসুমে তাঁকে রাজস্থানের হয়ে খেলতে দেখা যেতে পারে।

আগেও দলবদল করেছেন শামি-কারান

আইপিএল-এর গত মরসুমের আগেও দলবদল করেছিলেন শামি ও কারান। সঞ্জু স্যামসন (Sanju Samson) ও রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দলবদলের চুক্তির অংশ হিসেবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) থেকে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন কারান। তবে চোটের কারণে গত আইপিএ-এ খেলেননি ইংল্যান্ডের (England) এই অলরাউন্ডার। পরবর্তীকালে ইংল্যান্ডে নিজের কাউন্টি দলের হয়ে খেলতে দেখা যায় তাঁকে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে না পারলেও কাউন্টি ক্রিকেটে তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। চেন্নাই সুপার কিংস কারানকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। পরে একই অর্থে তাঁকে রাজস্থানে ট্রেড করা হয়। তবে এবার লখনউয়ে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় নতুন করে পারিশ্রমিক নির্ধারণ করতে চাইছেন কারান। এই বিষয়টিও দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।