
IND vs SL Test Series: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা। চতুর্থ দিনের খেলা শেষে তাদের স্কোর ৮৪ রানে ৪ উইকেট। গল টেস্ট জিততে হলে শেষ দিনে শ্রীলঙ্কার চাই আরও ২৮৮ রান। আর হাতে আছে ৬ উইকেট। ক্রিজে রয়েছেন ধনঞ্জয় ডি সিলভা (৩১) এবং সোনাল দিনুশা (২৫)। ভারতের হয়ে মানব সুথার দুটি এবং মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা একটি করে উইকেট নিয়েছেন (India vs Sri Lanka Test match)।
শ্রীলঙ্কার যে চারজন ব্যাটার আউট হয়েছেন, তারা হলেন নিশান মাদুশকা (৬), লাহিরু উদারা (১৬), পাসিন্দু সুরিয়াবান্দারা (০) এবং কামিন্দু মেন্ডিস (২)। এর আগে, প্রথম ইনিংসে ১৭৮ রানের বড় লিড নিয়ে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। কিন্তু ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিং সত্ত্বেও তারা ১৯৩ রানে অলআউট হয়ে যায়। পন্থ মাত্র ৬৯ বলে ৬৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দেবদূত পাডিক্কাল দ্বিতীয় ইনিংসেও ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া কেএল রাহুল করেন ৩৫ রান। আর কোনও ভারতীয় ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে অসিথ ফার্নান্দো ৩১ রানে ৪টি এবং প্রভাত জয়সূর্য ৪৩ রানে ৩টি উইকেট নেন। লাহিরু কুমারা দুটি উইকেট পেয়েছেন।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ভারত যশস্বী জয়সওয়ালের উইকেট হারায়। অসিথ ফার্নান্দোর বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন তিনি। প্রথম ইনিংসেও জয়সওয়াল বড় রান করতে পারেননি। শুরুতেই এই ধাক্কার পর রাহুল এবং পাডিক্কাল দ্বিতীয় উইকেটে ৬৫ রান যোগ করে পরিস্থিতি সামাল দেন।
প্রভাত জয়সূর্যকে ছক্কা মারতে গিয়ে আউট হন রাহুল (৩৫)। এরপরই ক্যাপ্টেন শুভমন গিল (৮) সুইপ শট খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান। তখন ভারতের স্কোর ছিল ৮১ রানে ৩ উইকেট। ঋষভ পন্থ এবং পাডিক্কাল মিলে দলের স্কোর ১০০ পার করান। কিন্তু কেশান নুওয়ান্থ পাডিক্কালকে (৪৪) এলবিডব্লিউ করে ভারতকে আবার চাপে ফেলে দেন। এরপর ধ্রুব জুরেলকে (৭) সঙ্গে নিয়ে পন্থ লাঞ্চ পর্যন্ত আর কোনও উইকেট পড়তে দেননি। লাঞ্চের পর জুরেল আউট হলে রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বাঁধেন পন্থ। এই জুটি ৫৪ রান যোগ করে ভারতের স্কোর ১৭৪-এ পৌঁছে দেয়।
শ্রীলঙ্কার পেসাররা টানা শর্ট বল করে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলার চেষ্টা করছিলেন। অবশেষে সেই কৌশলই কাজে দেয়। ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করার পরেই ঋষভ পন্থ (৬৬) লাহিরু কুমারার একটি শর্ট বলে আউট হন। এরপর রবীন্দ্র জাদেজা (৯), মানব সুথার (৯), কুলদীপ যাদব (৫) এবং প্রসিদ্ধ কৃষ্ণাও শর্ট বলের ফাঁদে পা দেন। মাত্র ১৯ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ভারত ১৯৩ রানে অলআউট হয়ে যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।