
2026 ICC Men's T20 World Cup Semi-Final: বৃহস্পতিবার সন্ধেবেলা টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচ (India vs England) চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium) দর্শকদের চুপ করিয়ে দিতে চান স্যাম কারান (Sam Curran)। এই অলরাউন্ডার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকদের সামলানোর জন্য আমরা তৈরি। এরকম স্টেডিয়ামে দর্শকদের চিৎকারের মধ্যে খেলতে ভালো লাগে। একজন খেলোয়াড় হিসেবে গায়ে কাঁটা দেয়। আমরা যদি দর্শকদের শান্ত ও নীরব রাখার উপায় খুঁজে বের করতে পারি, তাহলে আমরা ম্যাচের সেই সময় ভালো জায়গায় থাকব। আমাদের পক্ষে ইতিবাচক বিষয় হল, আমরা ভারতে অনেক ক্রিকেট খেলেছি। শুধু পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ভারতে ক্রিকেট খেলার অভিজ্ঞতা ভালো। গ্যালারির চিৎকারে মন দিলে চলবে না। তরুণ ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে সেমি-ফাইনালে খেলার জন্য মুখিয়ে আছে। আশা করি আমরা স্টেডিয়ামকে চুপ করিয়ে রাখতে পারব।’
কারান আরও বলেছেন, ‘আমি নিশ্চিত, ওয়াংখেড়ে স্টেডিয়াম সরগরম থাকবে। দর্শকরা উচ্চস্বরে চিৎকার করবেন। অসাধারণ ম্যাচ হতে চলেছে। দুই দারুণ দল খেলতে নামছে। গত চার-পাঁচ সপ্তাহ ধরে খেলা চলার পর এবার এই ম্যাচ হতে চলেছে। আশা করি আমরা ফাইনালের দিকে এগিয়ে যাব।’
টি-২০ বিশ্বকাপে টানা তৃতীয়বার সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই হতে চলেছে। ২০২২ সালে অ্যাডিলেডে (Adelaide) ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়েছিল ইংল্যান্ড। ২০২৪ সালে জর্জটাউনে (Georgetown) বদলা নেয় ভারত। সেই ম্যাচে ৬৮ রানে জয় পান রোহিত শর্মারা (Rohit Sharma)। এবার দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) লক্ষ্য।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দল এখনও পর্যন্ত সাতটি টি-২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে পাঁচ ম্যাচে জয় এসেছে। হার দুই ম্যাচে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি এখানেই ইংল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে দিয়েছিল ভারত। সেই রেকর্ড ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।