
India beat Pakistan: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ে সারা দেশের মতোই উচ্ছ্বসিত নির্বাচন কমিশন (Election Commission of India)। 'এক্স' হ্যান্ডলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, ‘কলম্বোয় (Colombo) জয়। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এই চমকপ্রদ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। হাই-প্রেশার ম্যাচে যেমন প্রতিটি রানই গুরুত্বপূর্ণ হয়ে যায়, তেমনই গণতন্ত্রে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। আপনার ইনিংস যাতে প্রভাব ফেলে, তা নিশ্চিত করুন। ৬ নম্বর ফর্ম পূরণ করুন এবং আজই নিজেকে ভোটার হিসেবে নথিভুক্ত করুন।’ রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয় পেয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত। এরপর ব্যাটিং করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘ওয়েল প্লেড টিম ইন্ডিয়া। ফর্ম্যাট, স্থান ও তারিখ হয়তো বদলে যেতে পারে, কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের ফল একইরকম আছে। পুরো দলকে অভিনন্দন।’ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath) ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন, ‘মহাশিবরাত্রিতে মহাবিজয়ে দেশবাসীদের আন্তরিক অভিনন্দন জানাই। ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যকে অভিনন্দন জানাই। জয় হিন্দ।’
পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান ঈশান কিষান (Ishan Kishan)। এই ওপেনার ৪০ বল খেলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। ঈশানের এই দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যই ভারতীয় দল বড় স্কোর করতে সক্ষম হয়। তারপর বোলারদের দাপটে জয় আসে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।