
T20 World Cup 2026: আরও একবার বাইশ গজে ভারতের কাছে বিশ্রী হার পাকিস্তানের। কমাস আগেই এশিয়া কাপে ফাইনাল সহ মোট তিনবার টিম ইন্ডিয়ার কাছে পরাস্ত হয়েছিলেন সলমন আঘা-বাবর আজমরা। আর এবার টি-২০ বিশ্বকাপে। পরিসংখ্যান বলছে, দুই ফর্ম্যাট মিলিয়ে বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মোট ১৭বার মুখোমুখি হল, তার মধ্য়ে টিম ইন্ডিয়া জিতেছে ১৬ বার, আর পাক ব্রিগেড জয় পেয়েছে ১টি-তে। টি-২০ বিশ্বকাপে ভারত ৮বার হারাল পাকিস্তানকে। সেখানে কুড়ি কুড়ির বিশ্বকাপে পাকিস্তান মাত্র একবারই ভারতকে হারাতে পেরেছে। কলম্বোয় ভারতের কাছে ৬১ রানের বড় হারের পর পাকিস্তান শিবিরে হতাশার ছায়া। এখন যা অবস্থা তাতে বুধবার নামিবিয়া ম্যাচে জয় সহজ হবে না সলমন আঘাদের কাছে। বাবর আজম থেকে সাইম আয়ুবরা একেবারেই ফ্লপ।
সাম্প্রতিককালে বাইশ গজে ভারতের সঙ্গে যেরকম খেলছে পাকিস্তান, তাতে দুটো দেশের মান আকাশপাতাল ফারাক দেখাচ্ছে। পাকিস্তান যে বাইশ গজের দুনিয়ায় টিম ইন্ডিয়ার কাছে মোটেও কঠিন প্রতিপক্ষ নয়, তা বারবার প্রমাণ হচ্ছে। রবিবার কলম্বোয় রান তাড়া করতে নামা পাকিস্তানকে দেখে কখনই মনে হয়নি তারা এই ম্যাচ জিততে পারে। ৬১ রানে বড় হারের পর এখন চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ওঠার বিষয়ে অনিশ্চিত হয়ে গিয়েছে। টানা তিনটি ম্য়াচে জিতে টিম ইন্ডিয়া সুপার এইটে খেলা নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের পর ভারত সুপার এইট পর্বে উঠেছে।
গ্রুপ এ-তে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ভারতের (৩ ম্য়াচে ৬ পয়েন্ট) পিছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র (৪ ম্যাচে ৪ পয়েন্ট)। নেট রানরেটের বিচারে পাকিস্তান (৩ ম্যাচে ৪ পয়েন্ট) রয়েছে তিন নম্বরে। চার ও পাঁচে আছে যথাক্রমে নেদারল্যান্ডস (৩ পয়েন্ট ২ পয়েন্ট) ও নামিবিয়া (৩ ম্য়াচে ০ পয়েন্ট)। এখন যা অবস্থা তাতে আগামী বুধবার কলম্বোয় গ্রুপ লিগের শেষ ম্য়াচে পাকিস্তানকে হারাতেই হবে নামিবিয়াকে। সলমন আঘা, বাবর আজমরা যা খেলছেন, তাতে গ্য়ারান্টি দিয়ে বলা যায় না পাকিস্তান হারিয়ে দেবে নামিবিয়াকে। ভারতের কাছে বড় ব্যবধানে হারায় পাকিস্তানের নেট রানরেটও বেশ খারাপ হয়ে গিয়েছে। অন্যদিকে, নিয়মরক্ষার ম্য়াচে বুধবার লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।