
West Indies tour of India, 2026: এবারের ভারত সফরে ওডিআই সিরিজে হেরে গেলেও, টি-২০ সিরিজ জেতার কাছাকাছি পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে ভারতের বোলারদের পারফরম্যান্স একেবারেই ভালো হচ্ছে না। ব্যাটাররা সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু প্রতি ম্যাচেই ব্যাটাররা জিতিয়ে দেবেন, তা হয় না। বুধবার যেমন হল না। চতুর্থ টি-২০ ম্যাচে ২৪ রানে হেরে গেল ভারতীয় দল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথমে ব্যাটিং করতে নেমে ক্যারিবিয়ানরা তিন উইকেট হারিয়ে ২৪৭ রান করে। জবাবে ভারতীয় দল ১৯.৪ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে গেল। ভারতের এই হারের ফলে সিরিজ ২-২ হয়ে গেল। এবার পঞ্চম তথা শেষ ম্যাচে যে দল জয় পাবে তারাই সিরিজ জিতবে।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ (Shai Hope) এই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। বুধবারও ব্যাটিং ওপেন করতে নেমে ৫০ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি। ক্যারিবিয়ান অধিনায়কের ইনিংসে ছিল নয়টি ওভার-বাউন্ডারি ও চারটি বাউন্ডারি। শেরফেন রাদারফোর্ডও (Sherfane Rutherford) ভালো ব্যাটিং করেন। তিনি ২৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। ভারতের ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson) ২৩ বলে ৫৬ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ২৪ বলে ২৯ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) ২৫ বলে ৪৩ রান করেন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ২০ বলে ৪১ রান করেন। কিন্তু তাতেও ভারতের জয় এল না।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান কিমো পল (Keemo Paul)। তিনি ৪১ রান দিয়ে পাঁচ উইকেট নেন। গুড়াকেশ মোতি (Gudakesh Motie) ১৩ রান দিয়ে জোড়া উইকেট নেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।