
India vs Zimbabwe: প্রথম ম্যাচে সাত উইকেটে জয়। দ্বিতীয় ম্যাচে ৯০ রানে জয়। চলতি জিম্বাবোয়ে সফরে (India tour of Zimbabwe 2026) টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচই জিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচও জিতে সিরিজের ফল ৩-০ করাই ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) লক্ষ্য। তাঁর নেতৃত্বে জিম্বাবোয়ে সফরেই প্রথম জয় পেয়েছে ভারতীয় দল। এবার নতুন নজির গড়াই শ্রেয়াসের লক্ষ্য। ২০১০ সালের সফরে ২-০ ব্যবধানে জয়ের পর আর কখনও জিম্বাবোয়েকে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি ভারত। এবার সেই সুযোগ রয়েছে। ভারতীয় দলের বেশিরভাগ সদস্যই তরুণ। তাঁরা এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে প্রিন্স যাদবের (Prince Yadav) হ্যামস্ট্রিংয়ে চোট ভারতীয় দলের জন্য ধাক্কা। শনিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে চোট পান প্রিন্স। ফলে তাঁর পক্ষে হয়তো রবিবার খেলা সম্ভব হবে না।
রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পেতে পারেন প্রভসিমরন সিং। পাঞ্জাবের এই উইকেটকিপার-ব্যাটার দলে থাকলেও এখনও কোনও ফর্ম্যাটেই ভারতের হয়ে অভিষেক হয়নি। ওপেনিংয়ে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং এবং নির্ভীক মানসিকতা ভারতের ব্যাটিং বিভাগে রদবদল হলে তাঁকে সুযোগ এনে দিতে পারে। সূর্যাংশ শেডগেও খেলার সুযোগ পেতে পারেন। বাঁ হাতি পেসার অশোক শর্মাকেও দলে ফেরানো হতে পারে। শ্রেয়াসের নেতৃত্বে ভারতীয় দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টানা দুই টি-টোয়েন্টি সিরিজে হেরে গিয়েছে। তারপর জিম্বাবোয়ে সফরে ঘুরে দাঁড়িয়েছে দল। এই সাফল্য ধরে রাখাই শ্রেয়াসের লক্ষ্য।
চলতি সিরিজে হারারের উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ সহায়ক ছিল। যদিও জিম্বাবোয়ের ব্যাটাররা সেই সুবিধা কাজে লাগাতে পারেননি। ভারতের ব্যাটাররা দুই ম্যাচেই দেখিয়ে দিয়েছেন যে সেট হয়ে গেলে এই উইকেটে বড় রান করা সম্ভব। তাই রবিবারও হাই-স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বোলারদের সামনে আবারও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আবহাওয়াও ক্রিকেটের জন্য অনুকূল থাকবে। রবিবার হারারেতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ এবং প্রায় ২১-২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ম্যাচের জন্য আদর্শ পরিবেশ তৈরি করবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।