Aaryavir Sehwag IPL 2027: ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের (Virender Sehwag) ছেলে আর্যবীর সেহওয়াগ। এবার আইপিএল-এর আগামী মরসুমের জন্য মিনি নিলামে নাম নথিভুক্ত করেছেন আর্যবীর। তিনি কোনও ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পাবেন কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
IPL 2027 Mini-Auction: আইপিএল ২০২৭-এর জন্য ক্রিকেটারদের মিনি নিলামে নাম নথিভুক্ত করলেন ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের দুই ক্রিকেটার আর্যবীর সেহওয়াগ (Aaryavir Sehwag) ও মোহিত উলভা (Mohit Ulva)। দু'জনেরই বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। অন্যদিকে, আইপিএল ২০২৭ মিনি নিলাম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি (Lakshya Raichandani) এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলে অন্বয় দ্রাবিড় (Anvay Dravid)। ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের আরও এক সদস্য পেসার কাব্য প্যাটেলের (Kavya Patel) নামও আইপিএল ২০২৭ মিনি নিলামে থাকতে পারে। তবে তাঁর সতীর্থ অলরাউন্ডার মানাল চৌহান (Manal Chauhan) আইপিএল ২০২৭ মিনি নিলামের জন্য নাম নথিভুক্ত করেননি।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং আর্যবীরের
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের (Virender Sehwag) ছেলে আর্যবীর সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। পাঁচ ম্যাচে ৯০.২৫ গড়ে তিনি ৩৬১ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৫-এরও বেশি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। অন্যদিকে, পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ফাইনালে অপরাজিত ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে স্মরণীয় জয় এনে দিতে বড় ভূমিকা নিয়েছিলেন মোহিত। ফাইনালের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি। রুদ্ধশ্বাস ফাইনালে শেষ বলে এক উইকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতে ভারত। সেই টুর্নামেন্টে ব্যাট হাতে নজর কেড়েছিলেন আর্যবীর। তাঁর পারফরম্যান্স তাঁকে দেশের অন্যতম প্রতিশ্রুতিমান তরুণ ব্যাটার হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে। মোহিতও ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে আইপিএল নিলামের আগে তাঁদের নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
নিলামে ১,২২০ জন ক্রিকেটার
আইপিএল ২০২৭ মিনি নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১,২২০ জন ক্রিকেটার। ১ ডিসেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের পছন্দের ক্রিকেটারদের তালিকা জমা দেবে। সেই সঙ্গে অতিরিক্ত কোনও ক্রিকেটারকে নিলামের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যও মনোনয়ন দিতে পারবে তারা। এরপরই চূড়ান্ত তালিকা তৈরি হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
















