Indian Premier League: আইপিএল-এর এই নিয়মটি নিয়ে চর্চা চলছে অনেকদিন ধরেই। সেটি হল ‘ইমপ্যাক্ট প্লেয়ার' নামানোর নিয়ম। যা নিয়ে বহুদিন ধরে অনেক আলোচনা চলছে। এমনও শোনা গেছে যে, এই নিয়মটি আদতে বদলে যেতে পারে (Indian Premier League)। কিন্তু আইপিএল-এর আগামী মরশুমে আপাতত এই নিয়মটি থাকছে। সেইরকমই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল কর্তৃপক্ষ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএল-এর গভর্নিং কাউন্সিল এখনও এই নিয়মটি নিয়ে দশটি দলের প্রতিনিধিদের সঙ্গে কোনও কথা বলেনি। তাই আগামী মরশুমের আগে নিয়ম বদলানোর কোনও সম্ভাবনা নেই (IPL Retention List)।
জানা যাচ্ছে, আইপিএল-এর মিনি নিলামের আগে দলগুলি যেভাবে ক্রিকেটার আদান প্রদান বা নিলামে ঝাঁপানোর কথা ভাবছে, তার নেপথ্যে এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের একটি বড় ভূমিকা রয়েছে। তাই হটাৎ যদি এখন এই নিয়মটি বাতিল বা বদলে ফেলা হয়, তাহলে প্রত্যেকটি দল সমস্যায় পড়তে পারে তথা তাদের পরিকল্পনা নষ্ট হতে পারে। তাই এখনই কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছেনা বোর্ডের পক্ষ থেকে। এই প্রসঙ্গে বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, “আইপিএল-এর মেগা নিলামের আগে আর মাত্র একটাই মরশুম রয়েছে। তাই এখন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটি বদলে দিলে দলগুলি প্রভাবিত হবে। মাথায় রাখতে হবে, প্রতিটি দল একজন করে অতিরিক্ত ব্যাটার বা বোলারের কথা মাথায় রেখে দল সাজায়। কিন্তু এখন এই নিয়ম বদলে ফেললে সমস্যায় পড়বে তারা। অন্তত চারটি দল আমাদের জানিয়েছে, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বদলালে তাদের পরিকল্পনায় সমস্যা হতে পারে। তাই অন্তত এই মরশুমে সেটি বদলানো হচ্ছে না।"
তবে এখনও সরকারিভাবে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু একটি কথা পরিষ্কার যে, এই মুহূর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার'-এর নিয়ম বদলালে মুশকিলে পড়বে আইপিএল-এর দলগুলি। তাই হয়ত এখনই এই নিয়ম পরিবর্তন করা হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।