
IPL 2026: আইপিএল মরশুমের প্রথম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু তাতেও পয়েন্ট টেবিলে খুব একটা লাভ হল না। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে ৬৫ রানে হারালেও হায়দ্রাবাদ এখন ছয় নম্বরে। অন্যদিকে, শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছে রাজস্থান রয়্যালস।
আসলে প্রথম ম্যাচে আরসিবি-র কাছে বড় ব্যবধানে হারের ধাক্কাই হায়দরাবাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। +০.৪৬৯ নেট রান রেট নিয়ে তারা এখন পাঞ্জাব কিংসের পিছনে। টানা দ্বিতীয় হারের পর কলকাতা নেমে গিয়েছে নয় নম্বরে। আর প্রথম ম্যাচে বড় হারের পর চেন্নাই সুপার কিংস এখনও পয়েন্ট টেবিলের শেষে।
হারের মধ্যেও কলকাতার জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে তরুণ তারকা অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাটিং। মাত্র ২৯ বলে ৫২ রান করেন তিনি। এই নিয়ে টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করলেন রঘুবংশী। দুটি ম্যাচ খেলে মোট ১০৩ রান করে তিনি এখন অরেঞ্জ ক্যাপের মালিক। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হায়দ্রাবাদের অধিনায়ক ইশান কিষাণ (৯৪ রান)। তিন নম্বরে হায়দ্রাবাদেরই হেনরিখ ক্লাসেন (৮৩ রান)। চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্সের রায়ান রিকেলটন (৮১ রান) এবং রোহিত শর্মা (৭৮ রান)।
হায়দ্রাবাদের বিরুদ্ধে চার উইকেট নিয়েও উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে উঠতে পারেননি কলকাতার পেসার ব্লেসিং মুজারাবানি। বরং, কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে হায়দ্রাবাদের জয়ে বড় ভূমিকা রাখা অভিজ্ঞ পেসার জয়দেব উনাদকাটই পার্পল ক্যাপ জিতে নিয়েছেন। মুজারাবানিরও মোট ৪টি উইকেট রয়েছে, কিন্তু ভালো ইকোনমি রেটের কারণে উনাদকাট এক নম্বরে উঠে এসেছেন। তালিকার প্রথম পাঁচে বাকিরা হলেন আরসিবি-র জেকব ডাফি, গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণা এবং দিল্লির টি নটরাজন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।