
DC vs PBKS: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনিবার দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বিকেল সাড়ে তিনটেয় দিল্লি ক্যাপিটালস খেলতে নামবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের ঘরের মাঠে দিল্লি পাঞ্জাবের জয়রথ থামাতে মরিয়া (Rajasthan Royals vs Sunrisers Hyderabad match)। জিততে হলে নিজেদের সেরাটা দিতেই হবে তাদের (DC vs PBKS)।
তবে দিল্লির প্রধান সমস্যা হল, ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। পাথুম নিসাঙ্কা, কেএল রাহুল, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, সমীর রিজভির মতো প্লেয়াররা ভালো খেললেও, দল হিসেবে তারা জ্বলে উঠতে পারছে না। স্পিন জুটি অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের আট ওভার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বোলিং লাইন-আপকে ছন্দে ফিরতে হবে, সঙ্গে ফিল্ডিংয়ের ভুলত্রুটিও শুধরে নিতে হবে। অন্যদিকে, জয়ের ধারা বজায় রেখে পাঞ্জাব নামছে আত্মবিশ্বাসে ভর করে।
পাঞ্জাবের ব্যাটিংয়ের প্রধান শক্তি শুরু হচ্ছে প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিংয়ের বিস্ফোরক ওপেনিং জুটি দিয়ে। মিডল অর্ডারে ভরসা দিচ্ছেন অধিনায়ক শ্রেয়স এবং কুপার কনোলি। যুজবেন্দ্র চাহাল, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট এবং অর্শদীপ সিং নিয়মিত উইকেট পাওয়ায় বোলিং বিভাগও বেশ শক্তিশালী।
জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার সময় সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিতে ফিরছেন প্যাট কামিন্স। চোটের কারণে তিনি এতদিন দলের বাইরে ছিলেন। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব সামলেছেন ঈশান কিষাণ। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিষাণ, হেনরিখ ক্লাসেনের মধ্যে যে কোনও দুজন ক্রিজে জমে গেলেই রানের চিন্তা থাকবে না। কামিন্সের ফেরায় হায়দরাবাদের বোলিংয়ের ধারও বাড়বে।
টানা হারের পর জয়ে ফিরলেও রাজস্থানের চিন্তা ব্যাটারদের ধারাবাহিকতা নিয়ে। অধিনায়ক রিয়ান পরাগ এখনও প্রত্যাশা মতো ব্যাট করতে পারেননি। তরুণ বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটির ওপর অনেক আশা। জোফ্রা আর্চারের নেতৃত্বাধীন বোলিং আক্রমণ কীভাবে হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটারদের আটকায়, সেটার উপরেই ম্যাচের ভাগ্য নির্ভর করছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।