
Cricket News: আগামী বছর ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup) এবং ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2028) হতে চলেছে একেবারে নতুন চেহারায়। এই দুই বিশ্বকাপের ফর্ম্যাটে বড় বদলের কথা ঘোষণা করল আইসিসি। ওডিআই বিশ্বকাপে 'সুপার সিরিজ', 'সুপার ৭' দেখা যাবে। টি-২০ বিশ্বকাপে আবার 'সুপার ১০', 'এলিমিনেটর' দেখা যাবে। আগামী বছর পুরুষদের ওডিআই বিশ্বকাপ হতে চলেছে দক্ষিণ আফ্রিকা (South Africa), জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়ায় (Namibia)। এই টুর্নামেন্টে খেলবে ১৪ দল। সেমি-ফাইনালের আগে তিনটি আলাদা রাউন্ড হবে। আইসিসি-র আশা, এর ফলে বিশ্বকাপের আকর্ষণ বাড়বে।
স্কটল্যান্ডের (Scotland) এডিনবরায় (Edinburgh) বার্ষিক সাধারণ সভায় (Annual General Meeting) বিশ্বকাপের নতুন ফর্ম্যাট অনুমোদন করেছে আইসিসি বোর্ড (ICC Board)। ওডিআই বিশ্বকাপের নতুন ফর্ম্যাট অনুযায়ী, প্রথম রাউন্ডে ১৪ দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা তিন দল সুপার সিরিজ খেলবে। এই রাউন্ড-রবিন ফর্ম্যাটের জয়ী দল দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় রাউন্ড হবে ১২ দলকে নিয়ে। এই ১২ দলকে দু'টি আলাদা গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপ থেকে সেরা তিন দল সুপার ৭ পর্বের যোগ্যতা অর্জন করবে। সুপার ৭ পর্যায়ের সেরা চার দল সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। সুপার ৭ পর্যায়ের সেরা দল সেমি-ফাইনালে চতুর্থ স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। অন্য সেমি-ফাইনালে খেলবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল।
২০২৮ সালে পুরুষদের টি-২০ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া (Australia) ও নিউজিল্যান্ডে (New Zealand)। প্রথমে ২০ দলকে পাঁচটি আলাদা গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রতি গ্রুপ থেকে দু'টি করে দল সুপার ১০ পর্যায়ের যোগ্যতা অর্জন করবে। সুপার ১০ পর্যায়ে দু'টি আলাদা গ্রুপ থাকবে। দুই গ্রুপ থেকে সেরা দুই দল সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। সেমি-ফাইনালের বাকি দুই দল বেছে নেওয়ার জন্য হবে এলিমিনেটর। দুই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দল তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। যে দুই দল জিতবে, তারা সেমি-ফাইনালে খেলবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।