Royal Challengers Bengaluru: আইপিএল-এর (IPL) প্রথম মরসুম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। এই তারকা ক্রিকেটার এখনও পর্যন্ত আইপিএল-এ দল বদলাননি। তিনি পরপর দু'বার দলকে আইপিএল চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন। তাঁর আনুগত্য ও পারফরম্যান্সকে মর্যাদা দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি।
KNOW
Virat Kohli News: ২০৩০ সালের আইপিএল (IPL 2030) পর্যন্ত খেলে যেতে পারেন বিরাট কোহলি। এমনই আশা প্রকাশ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) সিইও রাজেশ মেনন (Rajesh Menon)। তাঁর মতে, বিরাটের সাফল্যের খিদে আগের মতোই আছে। তিনি অনায়াসে আরও তিন-চার বছর খেলতে পারবেন। ফ্র্যাঞ্চাইজির প্রতি বিরাটের আনুগত্যেরও প্রশংসা করেছেন সিইও। তিনি বলেছেন, ‘আরসিবি ও বিরাট একই কয়েনের দুই দিক। ও বরাবরই আরসিবি-র হয়ে পার্থক্য গড়ে দেয়। ওর ক্রিকেট কেরিয়ার যখন শেষ হয়ে যাবে, তখনও ও আরসিবি-র সঙ্গে থাকবে না, এ কথা আমরা ভাবতেই পারি না। ও কোন ভূমিকায় থাকবে, সেটা আমাদের ভাবতে হবে। তবে আমি নিশ্চিত, ও আগামী তিন-চার বছর খেলবে। ও অন্তত আরও চার বছর খেলবে।’

বিরাটকে দলে রেখেই আগামী আইপিএল-এর পরিকল্পনা
২০০৮ সাল থেকে আরসিবি-র হয়ে খেলছেন বিরাট। ২০২৫ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি। তারপর ২০২৬ সালের আইপিএল-ও জিতেছে এই ফ্র্যাঞ্চাইজি। প্রথম খেতাব জেতার জন্য ১৮ বছর অপেক্ষা করতে হলেও, কখনও দল ছাড়ার কথা ভাবেননি বিরাট। ফ্র্যাঞ্চাইজিও তাঁকে সসম্মানে দলে রেখে দিয়েছে। দলের সেরা তারকার প্রশংসা করে আরসিবি সিইও বলেছেন, ‘ও এখনও ফিট। ওর সাফল্যের খিদে কখনও মরে যায় না। এবারের আইপিএল-এও ওর মধ্যে একইরকম প্রাণশক্তি, রান করার ক্ষমতা, মেজাজ দেখা গিয়েছে। ওর মধ্যে সবকিছুই ছিল। ওর আরও তিন-চার বছর খেলতে কোনও সমস্যাই হবে না।’
আইপিএল জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আরসিবি
আইপিএল-এর ইতিহাসে একাধিক ফ্র্যাঞ্চাইজি পরপর দু'বার খেতাব জিতেছে। কিন্তু কোনও দল টানা তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। আগামী বছরের আইপিএল-এ সেই লক্ষ্যেই খেলতে নামবে আরসিবি। এই ফ্র্যাঞ্চাইজির সিইও বুঝিয়ে দিয়েছেন, তাঁরা বিরাটকে দলে রেখেই আগামী আইপিএল-এর পরিকল্পনা করছেন। এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


