
2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগের দিন গাড়ি দুর্ঘটনায় তুতো বোনের মৃত্যু হয়েছে। তাঁকেই ট্রফি উৎসর্গ করলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান (Ishan Kishan)। তিনি জানিয়েছেন, ‘ম্যাচের আগের দিন আমি এক গাড়ি দুর্ঘটনায় তুতো বোনকে হারিয়েছি। আমি ওর জন্য ভালো খেলেছি। আমি হার্দিক (Hardik Pandya) ভাইয়ের সঙ্গে কথা বলি। উনি দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেন। এই কথোপকথনের পরেই আমি টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মন শক্ত করে খেলতে নামি। আমি এই জয় বোনকে উৎসর্গ করছি। আন্তর্জাতিক নারী দিবসে আমাদের এই জয়ের গুরুত্ব বেড়ে গিয়েছে।’ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ২৫ বলে ৫৪ রান করেন ঈশান। তিনি চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২৫৫ রান করে। এই রানের ধারেকাছে পৌঁছতে পারেনি নিউজিল্যান্ড। ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা। ৯৬ রানে জয় পায় ভারত। এই জয় পাওয়ার পর বোনকে হারানোর কথা জানালেন ঈশান। তিনি বোনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।
ঈশান আরও জানিয়েছেন, জাতীয় দল থেকে বাদ পড়ার পর প্রত্যাবর্তনের চেষ্টা করার সময় তিনি মানসিকতায় বদল এনেছেন। এর ফলেই সাফল্য পাচ্ছেন। এ প্রসঙ্গে এই উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘আমি অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিয়েছি। শুধু নিজের কাজ করে যাচ্ছি। যে বিষয়গুলি আমার নিয়ন্ত্রণে নেই, সেসব নিয়ে ভাবছি না। বিরাট (Virat Kohli) ভাই সবসময় এটাই করে এসেছেন।’
ঈশান জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের জন্য যখন ভারতীয় দল চূড়ান্ত হয়, তখন তাঁর সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কথা হয়েছিল। এ প্রসঙ্গে ঈশান বলেছেন, ‘সূর্য ভাই যখন আমাকে ফোন করেন, তখন আমি স্ক্রিন শট নিই। আমার মনে হয়েছিল, বিশ্বকাপের জন্য উনি আমাকে ফোন করেছেন। উনি আমাকে বলেন, বিশ্বকাপ জেতাতে পারবে? আমি তখন বলি, আপনি আমার উপর ভরসা রাখেন? তিনি বলেন, ভরসা করব।’ অধিনায়কের এই ভরসার যোগ্য মর্যাদা দিলেন ঈশান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।