
Kagiso Rabada: আইসিসি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে পর্যন্ত কাগিসো রাবাডাকে ফিটনেস প্রমাণের সময় দিতে পারে দক্ষিণ আফ্রিকা। আগামী ৯ অক্টোবর, কিংসমিডে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। এই বছরের মে মাসের শেষে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার পর রাবাডা আর কোনও ম্যাচ খেলেননি। অগাস্ট মাসে অনুশীলনের সময় তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লাগে (Kagiso Rabada)। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজের আগে ফিট হয়ে ওঠার জন্য সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন এই ডানহাতি পেসার। গত মাসে, দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড জানিয়েছিলেন, রাবাদার চোট বেশ দ্রুত সারছে। ডারবানে প্রথম টেস্টের আগে বুধবার অনুশীলনের সময় ৩১ বছর বয়সী এই পেসারকে নেটে বল করতেও দেখা গেছে।
তবে প্রোটিয়া সতীর্থ সাইমন হারমার ইঙ্গিত দিয়েছেন, প্রথম টেস্ট শুরুর ঠিক আগেই রাবাদার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইসিসি ওয়েবসাইটকে হারমার বলেন, "সবাই চায় ও খেলুক। দর্শকরা, ড্রেসিংরুমে আমরা, এমনকি অস্ট্রেলিয়ানরাও। তবে ওর ফিটনেস ঠিক কোন পর্যায়ে আছে, সেটা আমি নিশ্চিতভাবে জানি না। আমার বিশ্বাস, ম্যাচের যতটা সম্ভব কাছাকাছি সময়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। বছরের পর বছর ধরে ও প্রমাণ করেছে যে ও একজন বিশ্বমানের ক্রিকেটার। ও দলে থাকলে আমাদের শক্তিই বাড়বে।"
হারমার জানান, রাবাডা যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে না-ও খেলতে পারেন, তাহলেও আগামী মাসগুলোতে টেস্ট ক্রিকেটে নিজের ছাপ ফেলার জন্য তিনি যথেষ্ট সময় পাবেন।হারমারের কথায়, "আমি সত্যিই চাই ও প্রথম টেস্টে খেলুক। কিন্তু এই মরশুমে আমাদের প্রচুর ক্রিকেট খেলতে হবে। তাই একটা ম্যাচের জন্য ওকে খেলিয়ে আমরা দীর্ঘমেয়াদি কোনো ঝুঁকির পথে হাঁটতে চাই না।"
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের পর, দক্ষিণ আফ্রিকা নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে। এরপর ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ রয়েছে তাদের। গত বছর লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) গদা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবার সেই খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।