SA vs BAN Test: কোনও রকমে ফলো অন হার এড়াতে পারলেও, জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটে বিধ্বস্ত হল বাংলাদেশ। ১০০ রানে ৫ উইকেট থেকে দিনের খেলা শুরু করে এদিন দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অল আউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।
SA vs BAN Test: কোনও রকমে ফলো অন হার এড়াতে পারলেও, জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটে বিধ্বস্ত হল বাংলাদেশ। ১০০ রানে ৫ উইকেট থেকে দিনের খেলা শুরু করে এদিন দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অল আউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। ফলো অন হার এড়াতে হলে বাংলাদেশকে করতে হত ১৫৭ রান। ফলে প্রথম ইনিংসে ৪০০ রান করলেও জোহানেসবার্গ টেস্টে বড় হারের মুখেই পড়তে হল পদ্মাপাড়ের দেশকে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার লিড ছিল ১৫৭ রানের।
জয়ের নায়ক 'অলরাউন্ডার' রাবাদা, দ্বিতীয় ইনিংসে হার্মারের আধ ডজন উইকেট
টেস্টে জিততে হলে চতুর্থ ইনিংসে মাত্র ১২ রান করতে হবে, এমন শর্তে ব্যাট করতে নেমে ওপেনার মার্কস অ্যাকারম্যান (Marques Ackerman)-এর উইকেট হারিয়ে এই রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টের সিরিজে বাভুমারা ১-০ এগিয়ে গেলেন। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কাগিসো রাবাদা। দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৭২ রান করেন রাবাদা। কৃষ্ণাঙ্গ এই তারকা পেসারের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই শেষ করে দেন প্রোটিয়া স্পিনার সিমোন হার্মার। বৃথা গেল প্রথম ইনিংসে করা বাংলাদেশের তোহিদ হৃদয় ও লিটস দাসের অনবদ্য সেঞ্চুরি।
পয়েন্ট তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকা, ফাইনালের পথে বাভুমা-রা
সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট সেঞ্চুরিয়ানে সোমবার থেকে শুরু হবে। জোহানেসবার্গ টেস্টে এই জয়ের সুবাদে আগামী বছর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার বিষয়ে অনেকটাই এগিয়ে গেল তেম্বা বাভুমার দল। দক্ষিণ আফ্রিকাই এখন পয়েন্ট তালিকায় শীর্ষে (৭৫ পিসিটি)। প্রসঙ্গত, গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার খেতাব জিতেছিল প্রোটিয়ারা।
৪০০ করেও হারল বাংলাদেশ
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে স্মরণীয় জোড়া সেঞ্চুরি করেছিলেন-তোহিদ হৃদয় (১৩৭) ও লিটন দাস (১২০)। ১২১ রানে ৫ উইকেট থেকে বাংলাদেশ করেছিল ৪০০ রান। এরপর দক্ষিণ আফ্রিকা একটা সময় ৩৭৬ রানে ৭ উইকেটে দাঁড়িয়ে ছিল। তখন মনে হচ্ছিল এই টেস্টে শেষ পর্যন্ত লড়াই হবে। কিন্তু প্রোটিয়া টেল-এন্ডারদের সৌজন্যে প্রথম ১৫৭ রানের লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৫৫৭ রানের ইনিংসে দারুণ ইনিংস খেলেন মার্কস অ্যাকারম্যান (১৫৭), রায়ান রিকেলটন (১০২), জুনেইর হামজা (৮৩), তেম্বা বাভুমা (৬৮) ও কাগিসো রাবাদা (৭২)। শেষ তিন উইকেটে দক্ষিণ আফ্রিকা করেছিল ১৮১ রান।
কী কারণে হারল পদ্মাপাড়ের দেশ
এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা অসহায় আত্মসমপর্ণ করেন। লিটন দাস (৩৯), মাফিজুল ইসলাম (৩২) আর কেউ বলার মত খেলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে স্পিনার সিমোন হার্মার ৫১ রান দিয়ে ৬টি উইকেট, রাবাদা ৪৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। প্রথম ইনিংসে রাবাদা ৫টি উইকেট নিয়েছিলেন। জয়ের জন্য ১২ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই মেহদি হাসান মিরাজের বলে আউট হয়ে যান অ্যাকারম্যান (০)। তবে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলকে জিতিয়ে দেন আইডেন মার্করাম (৮ অপরাজিত)।














