KKR IPL 2026: ভারত তথা গোটা পৃথিবীর অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল শুরু হতে চলেছে। আর মাত্র বাকি কয়েকদিন। তার আগেই এবার নিজেদের লক্ষ্য স্থির করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (ajinkya rahane kkr)। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে (kkr captain 2026 ipl)।
বিগত মরশুমের আইপিএল একেবারেই ভালো যায়নি নাইটদের জন্য। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জয় আসে। তাই এই বছর দলে অনেক পরিবর্তন এসেছে। ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, ক্যামেরন গ্রিনদের মতো তারকারা এসেছেন। স্বাভাবিকভাবেই, ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে।
রাহানে জানিয়েছেন, “ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে প্রত্যেক বছরই আমার কাছে নতুন চ্যালেঞ্জ। আর এই ক্রিকেট জার্নিতে আমি সবসময় যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তৈরি ইতিবাচক ভঙ্গিতেই। সেই চেষ্টাই করি। গতবছর থেকে টিমকে নেতৃত্ব দিচ্ছি। এবারও আমার কাঁধেই দায়িত্ব দেওয়ায় দলের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আমি সবকিছুই পজিটিভভাবেই নিচ্ছি। মাঠে নেমে সুযোগ কাজে লাগানোই হল আমাদের আসল লক্ষ্য।”
নাইট অধিনায়কের কথায়, “শুরুটা অবশ্যই ভালো করতে হবে আমাদের। কারণ, আইপিএল একটা লম্বা প্রতিযোগিতা। তাই শুরু থেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। দলের সকলের কাছ থেকেই সমান প্রত্যাশা রয়েছে। দেখুন, ক্রিকেটে কিন্তু নিখুঁত ম্যাচ বলে কিছু হয় না। ভুলত্রুটি চলতেই থাকে। আসল কথা হচ্ছে, দল হিসেবে ভালো ক্রিকেট উপহার দেওয়া। আমি এবারের দল নিয়ে খুবই আশাবাদী। আমরা ভালো ফল করতে প্রস্তুত।"
অজিঙ্ক বলছেন, “এবারও আমাদের দলে ব্যাটিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। ভালো ফর্মে রয়েছেন দলের ব্যাটাররা। পাশাপাশি বিদেশিরাও খুব ভালোমানের ক্রিকেটার। তাই নতুন মরশুম শুরুর আগে সবাই খুব উত্তেজিত রয়েছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।