
KL Rahul Record: শনিবার নিউ চণ্ডীগড়ে (New Chandigarh) ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে দুরন্ত শতরান করে নতুন নজির গড়লেন কে এল রাহুল। ভারতীয় দলের হয়ে ওডিআই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ছুঁয়ে ফেললেন রাহুল। এদিন এই তারকা ব্যাটার ৮৭ বল খেলে ১২৯ রান করে অপরাজিত থাকেন। ওডিআই ফর্ম্যাটে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে চতুর্থ শতরান করলেন রাহুল। শনিবার তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও দু'টি ওভার-বাউন্ডারি। তাঁর এই ইনিংসের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৫১ রান করে ভারত।
ভারতীয় দলের হয়ে ওডিআই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) দখলে। ৯৯ ম্যাচে এই পজিশনে ব্যাট করে সাত বার শতরান করেন যুবরাজ। ধোনি ৯৫ ম্যাচে চার বার শতরান করেন। মাত্র ৩৯ ম্যাচেই সেই সংখ্যায় পৌঁছে গেলেন রাহুল। শুধু শতরানের তালিকাতেই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ নম্বরে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েছেন রাহুল। এর আগে এই রেকর্ড ছিল যুবরাজের দখলে। ২০০৫ সালে কলম্বোয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১০ রান করেছিলেন যুবরাজ। শনিবার রাহুল সেই রেকর্ড ভেঙে দিলেন।
শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ৮৫ বলে ৯২ রান করেন। শুবমান অবশ্য ছয় বল খেলে এক রান করেই আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথমে বলেই আউট হয়ে যান বিরাট কোহলি (Virat Kohli)। এরপর ভারতের ইনিংসের হাল ধরেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তিনি ৬৯ বলে ৫৭ রান করেন। এরপর রাহুলের সঙ্গে জুটি বাঁধেন নমন ধীর (Naman Dhir)। তিনি ২১ বলে ৩০ রান করেন। এই জুটিতে যোগ হয় ৬৫ রান। এর ফলেই বিশাল স্কোরে পৌঁছে যায় ভারতীয় দল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।