
New Zealand vs India Wellington Test: ওয়েলিংটনের বেসিন রিজার্ভে (Basin Reserve) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারতীয় দল। দিনের শেষে প্রথম ইনিংসে ভারতীয় দলের স্কোর চার উইকেটে ৪৮৬। ক্রিজে ঋষভ পন্থ (Rishabh Pant) ও অংশুল কম্বোজ (Anshul Kamboj)। বেশ কিছুদিন পর জাতীয় দলে ফিরেই ৬২ বল খেলে ৫৫ রান করে অপরাজিত ঋষভ। তিনি এখনও পর্যন্ত পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মেরেছেন। অংশুল দুই বল খেলে এখনও পর্যন্ত রান করতে পারেননি। নিউজিল্যান্ডের চেয়ে ১১৮ রানে এগিয়ে ভারতীয় দল। চতুর্থ দিন এই লিড যত বেশি সম্ভব করাই ঋষভদের লক্ষ্য থাকবে। লিড যথেষ্ট হয়ে গেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার দরকার হবে না।
শনিবার প্রথমে দেবদত্ত পাড়িক্কলকে (Devdutt Padikkal) নিয়ে রান বাড়ানো শুরু করেন কে এল রাহুল (KL Rahul)। পাড়িক্কল শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে তিনি ১৭৫ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৮০ রান করে আউট হয়ে যান। তবে শতরান পূর্ণ করেন রাহুল। তিনি ২৯০ বলে নয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ১৩৬ রান করেন। অধিনায়ক শুবমান গিলও (Shubman Gill) শতরানের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। তিনি ১৪৬ বল খেলে ৯৮ রান করে আউট হয়ে যান। তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। নিউজিল্যান্ডের কোনও বোলারই প্রভাব বিস্তার করতে পারেননি।
এই ম্যাচে এখনও পুরো দু'দিনের খেলা বাকি। রবিবারই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামবে নিউজিল্যান্ড। ভারতের বোলাররা দ্রুত কিউয়িদের দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে পারলে জয় পাবে ভারতীয় দল। প্রথম ইনিংসে চার উইকেট নেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। জয়ের জন্য এই তারকা পেসারের উপর ভরসা করছে ভারত। তবে আকাশ দীপ (Akash Deep), অংশুলদেরও সহযোগিতা করতে হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।