Kumar Sangakkara: ডাবলিন বিমানবন্দরে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, সরব কুমার সাঙ্গাকারা

Published : Oct 29, 2026, 02:54 PM IST
Kumar Sangakkara

সংক্ষিপ্ত

Kumar Sangakkara News: শ্রীলঙ্কার (Sri Lanka) জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ক্রিকেট দুনিয়ায় অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। কিন্তু তিনি অভিযোগ করেছেন, পরিবারের সদস্যদের নিয়ে ডাবলিন বিমানবন্দরে (Dublin Airport) গিয়ে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সাঙ্গাকারা।

DID YOU KNOW ?
ডাবলিনে বৈষম্য
ডাবলিন-সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে এশিয়ার ভ্রমণকারীদের সঙ্গে বারবার বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

Dublin Airport: আয়ারল্যান্ডের (Ireland) ডাবলিন বিমানবন্দরে রায়ানএয়ারের (Ryanair) কর্মীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ, অভদ্র ব্যবহার এবং হুমকি দেওয়ার অভিযোগ তুললেন শ্রীলঙ্কার (Sri Lanka) জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। বুধবার পরিবারের সঙ্গে দেশে ফেরার পথে এই অভিজ্ঞতার মুখোমুখি হন বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। আইপিএল-এ (IPL 2027) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সাঙ্গাকারা। মঙ্গলবার নিজের ৪৯-তম জন্মদিন উদযাপন করেন তিনি। এরপর স্ত্রী ইয়েহালি এবং যমজ সন্তান কাভিথ ও স্বরিরিকে নিয়ে ডাবলিন থেকে কলম্বোয় (Colombo) ফেরার জন্য বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেই যাত্রার আগে বিমানবন্দরে রায়ানএয়ারের কর্মীদের আচরণে তাঁকে এবং তাঁর পরিবারকে সমস্যায় পড়তে হয় বলে দাবি করেছেন প্রাক্তন এই ক্রিকেটার।

সোশ্যাল মিডিয়ায় সরব সাঙ্গাকারা

'এক্স' হ্যান্ডলে ডাবলিন বিমানবন্দরের ঘটনার কথা জানিয়ে সাঙ্গাকারা লিখেছেন, ‘ডাবলিনে রায়ানএয়ারের বৈষম্যমূলক আচরণ করা গেটকর্মীদের অভিজ্ঞতা কি অন্য কারও হয়েছে? আমি সদ্য আমার পরিবারের সঙ্গে এমন অভিজ্ঞতার মুখোমুখি হলাম। ঘটনাটি ছিল সত্যিই হতবাক করার মতো।’ এরপর তিনি আরও লেখেন, 'কথা বলার ধরন, নিয়মকানুন সামলানোর ক্ষেত্রে গাফিলতি এবং হুমকিমূলক আচরণ, কোনও যাত্রীর সঙ্গেই এমন ব্যবহার গ্রহণযোগ্য নয়। ডাবলিনে এটাই আমার প্রথম খারাপ অভিজ্ঞতা।'

আয়ারল্যান্ডে বারবার বৈষম্যমূলক আচরণের অভিযোগ

আয়ারল্যান্ডে সম্প্রতি একাধিকবার বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। সাঙ্গাকারার এই ঘটনা ইউরোপের (Europe) বিমানবন্দরগুলিতে এশীয়দের প্রতি বর্ণবিদ্বেষ, বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক আচরণ এবং আন্তর্জাতিক যাত্রীদের সঙ্গে ব্যবহারের মতো বিষয়গুলি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ইউরোপের বিমানবন্দরগুলিতে যাত্রীদের সঙ্গে কর্মীদের আচরণ নিয়ে যখন আলোচনা ক্রমশঃ জোরালো হচ্ছে, তখন সাঙ্গাকারার অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন বিভিন্ন পরিচিত ব্যক্তিত্ব ও ক্রিকেটপ্রেমীরা। তাঁদের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত রায়ানএয়ার কর্তৃপক্ষের। ডাবলিনের সদর দফতর থেকে পরিচালিত রায়ানএয়ার ইউরোপের অন্যতম স্বল্পমূল্যের বিমান সংস্থা। সাঙ্গাকারার অভিযোগ ঘিরে বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের সঙ্গে কর্মীদের আচরণ এবং সম্ভাব্য বৈষম্যের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত রায়ানএয়ারের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ঘটনার তদন্তে বিমান সংস্থাটি অভ্যন্তরীণ পদক্ষেপ করবে কি না, কিংবা সাঙ্গাকারার সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধানের চেষ্টা করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪৯
৪৯-তম জন্মদিন পালন করতে ডাবলিনে গিয়েছিলেন কুমার সাঙ্গাকারা।
মঙ্গলবার শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার ৪৯-তম জন্মদিন ছিল। তিনি ডাবলিনে জন্মদিন পালন করেন।
Read more Articles on
click me!

Recommended Stories

Mumbai Indians: হার্দিককে নিয়ে অনিশ্চয়তা, মুম্বই ইন্ডিয়ানসের নেতৃত্বের দৌড়ে তিলক
Women's Premier League: উইমেনস প্রিমিয়ার লিগে দল বাড়তে পারে, ইঙ্গিত বিসিসিআই সচিবের