
Women's Premier League 2027: উইমেনস প্রিমিয়ার লিগের আগামী মরসুমের মিনি-নিলামে একাধিক তরুণ ক্রিকেটারকে দলে নিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। বুধবার কোচিতে (Kochi) অনুষ্ঠিত মিনি-নিলামে ১০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ানসে (Mumbai Indians) যোগ দিলেন তরুণ ব্যাটার সানিকা চালকে (Saanika Chalke)। পাশাপাশি স্কটল্যান্ডের (Scotland) অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস (Kathryn Bryce) এবং স্পিনার কার্স্টি গর্ডনও (Kirstie Gordon) দল পেলেন। অন্যদিকে, বেশ কয়েকজন ভারতীয় ও বিদেশি ক্রিকেটার অবিক্রিত থেকে গেলেন। মিনি-নিলামে অস্ট্রেলিয়ার (Australia) অলরাউন্ডার জেস জোনাসেনকে (Jess Jonassen) তাঁর বেস প্রাইস ৪০ লক্ষ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে আগে তিন মরসুম খেলেছেন জোনাসেন। চোটের কারণে মহিলাদের বিগ ব্যাশ লিগে (Women's Big Bash League) খেলতে পারছেন না তিনি। তবে তিনি জানুয়ারির মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন।
২০ বছর বয়সি বাঁ হাতি ব্যাটার সানিকা অল্প বয়সেই প্রতিভার পরিচয় দিয়েছেন। ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ ওয়ান ডে প্রতিযোগিতায় সিকিমের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে দ্বিশতরান করেছিলেন তিনি। ২০২৫ সালের মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন সানিকা। চলতি বছরে মুম্বই টি-২০ প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ২২৩ রান করে সবার চেয়ে এগিয়ে থাকেন সানিকা। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪২.৯৪। ডব্লুপিএল ২০২৭ মিনি-নিলামের আগে চলতি সিনিয়র মহিলা টি-২০ ট্রফিতেও নজর কেড়েছেন সানিকা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাত্র ৫৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই ডব্লুপিএল-এ সুযোগ পেলেন সানিকা।
ব্রাইসকে ১০ লক্ষ টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্জ (UP Warriorz)। তবে তাঁর বোন সারা ব্রাইস (Sarah Bryce) মিনি-নিলামে কোনও দল পাননি। এছাড়া মানালি দক্ষিণী ও সাহানা পাওয়ারকে ১০ লক্ষ টাকা করে দিয়ে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্জ। দিল্লি ক্যাপিটালস ১০ লক্ষ টাকা করে দলে নিয়েছে উমা কাশভি ও গর্ডনকে। এর আগে ইংল্যান্ডের (England) হয়ে খেলেছেন গর্ডন। সম্প্রতি স্কটল্যান্ডে যোগ দেওয়ার পর অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার হিসেবে নিলামে নাম নথিভুক্ত করেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গর্ডন। সব ক’টিই ছিল ২০১৮ সালের মহিলাদের টি-২০ বিশ্বকাপে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচেও খেলেছিলেন তিনি। অন্যদিকে, মাত্র ১৬ বছর বয়সি অলরাউন্ডার সামাইরা রাঘবকে ১০ লক্ষ টাকায় দলে নিয়েছে গুজরাট জায়ান্টস (Gujarat Giants)। মিনি-নিলামের আগের দিন নতুন করে নিলামের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া চার ক্রিকেটারের মধ্যে ছিলেন সামাইরা। তিনি এবার দল পেয়ে গেলেন।
ডব্লুপিএল ২০২৭ মিনি-নিলামে বেশ কয়েকজন ক্রিকেটার কোনও দলে জায়গা পাননি। ভারতীয়দের মধ্যে দেবিকা বৈদ্য, প্রণবী চন্দ্র, ইরা যাদব, তানিশা ওলহান, খুশি ভাটিয়া, নাজমা খান, ত্রিবেণী বশিষ্ঠ ও পলক সিং অবিক্রিত থেকে গিয়েছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক এশা ওজা, অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার মিলি ইলিংওয়ার্থ এবং নিউজিল্যান্ডের পেসার ব্রি ইলিংও কোনও ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পাননি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।