
IPL 2027: আগামী মরসুমের আইপিএল-এর আগে দলে বড়সড় রদবদলের পথে হাঁটছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দলের প্রধান কোচ হিসেবে জাহির খানকে (Zaheer Khan) দায়িত্ব দেওয়ার পর এবার ব্যাটিং কোচ মাইকেল হাসির (Michael Hussey) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এই ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার (Australia) এই প্রাক্তন ক্রিকেটারকে ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে সিএসকে-র সঙ্গে যুক্ত ছিলেন হাসি। এবার তাঁকে বিদায় জানাল আইপিএল-এর ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্চাইজি। পাশাপাশি ফিল্ডিং কোচ জেমস ফস্টারের (James Foster) ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাঁকে দলে রাখা হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
আইপিএল-এর আগামী মরসুমের আগে সিএসকে-র কোচিং স্টাফে একের পর এক বদল দেখা যাচ্ছে। দীর্ঘ ১৮ বছর দলের প্রধান কোচের দায়িত্ব সামলানো স্টিফেন ফ্লেমিংকে (Stephen Fleming) সরিয়ে দেওয়া হয়েছে। বোলিং কোচ এরিক সিমন্সকেও (Eric Simons) বিদায় জানানো হয়েছে। এবার হাসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল-এ অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে পারেন এই অস্ট্রেলিয়ান। সিএসকে-র নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন পেসার মোহিত শর্মাকে (Mohit Sharma)। সিএসকে-র কোচিং স্টাফে এই রদবদলে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে জল্পনা চলছে।
সিএসকে-র সঙ্গে হাসির সম্পর্ক দীর্ঘদিনের। ক্রিকেটার এবং কোচ, দুই ভূমিকাতেই সাফল্য পেয়েছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন বাঁ হাতি ব্যাটার। ক্রিকেটার হিসেবে দু'বার আইপিএল জিতেছেন তিনি। কোচ হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে তিনটি আইপিএল ট্রফি। আইপিএল-এর শুরুর বছরগুলিতে সিএসকে-র ব্যাটিং বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাসি। ২০১৩ সালের আইপিএল-এ ৭৩৩ রান করে নজর কেড়েছিলেন তিনি। এবার এই ফ্র্যাঞ্চাইজি আর তাঁকে দলের সঙ্গে যুক্ত রাখল না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।