MS Dhoni News: এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে কোনও ম্যাচেই খেলেননি দলের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি সিএসকে। এই ব্যর্থতার পর আগামী মরসুমে নতুন করে দল গঠন করা হতে পারে বলে শোনা যাচ্ছে। সেই দলে ধোনি থাকবেন কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে।
KNOW
Chennai Super Kings: মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে কি চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের মোহভঙ্গ হয়েছে? সিএসকে সিইও কাশী বিশ্বনাথনের (Kasi Viswanathan) কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। অতীতে তিনি বলেছিলেন, তাঁরা ধোনিকে ছাড়তে চান না। ধোনি যতদিন ইচ্ছা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন। কিন্তু এখন সিএসকে সিইও বলছেন, 'আমরা এখনও পর্যন্ত এমএস-এর সঙ্গে কোনও আলোচনা করিনি। এমএস নিজেই যাবতীয় সিদ্ধান্ত নেয়। আমরা ওর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।' তাঁরা যে ক্রিকেটার হিসেবে ধোনিকে ছাড়তে চান না, সে কথা একবারও বলেননি বিশ্বনাথন। বরং তিনি ধোনির উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, এই কিংবদন্তি যদি সরে যেতে চান, তাহলে সিএসকে ম্যানেজমেন্ট তাঁকে আটকানোর চেষ্টা করবে না। ফলে ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

আইপিএল থেকে অবসর নেবেন ধোনি?
ধোনি কি আইপিএল-এ (IPL 2026) শেষ ম্যাচ খেলে ফেলেছেন? ক্রিকেট মহলে এখন এই জল্পনা চলছে। এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেলেননি এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর পরিবর্তে খেলে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই কারণেই হয়তো ক্রিকেটার হিসেবে আর সিএসকে দলে অপরিহার্য নন ধোনি। তাঁকে অন্য কোনও ভূমিকায় দেখা যেতে পারে। সিএসকে সিইও বলেছেন, ‘আমরা সবসময় চাই উনি সিএসকে দলের সঙ্গে নিয়মিত যুক্ত থাকুন। সে খেলোয়াড়, কোচ বা মেন্টর, যে ভূমিকা তাঁর পছন্দ, সেই ভূমিকাতেই থাকুন। যে কোনও সিদ্ধান্তই তাঁর উপর নির্ভর করছে।’
অধিনায়ক থাকছেন রুতুরাজই
সিএসকে সিইও জানিয়ে দিয়েছেন, ব্যর্থতার পরেও দলের অধিনায়ক হিসেবে থাকছেন রুতুরাজ গায়কোয়াড়ই (Ruturaj Gaikwad)। তাঁকে পরিণত করে তোলার জন্য ধোনি ও দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংকে (Stephen Fleming) ধন্যবাদ জানিয়েছেন বিশ্বনাথন। তাঁর আশা, ভবিষ্যতে অধিনায়ক হিসেবে আরও উন্নত হয়ে উঠবেন রুতুরাজ। তাঁর নেতৃত্বেই আগামী মরসুমের আইপিএল-এ খেলবে সিএসকে। দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবেন রুতুরাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


