India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ যত এগিয়ে আসছে, ততই দুই দেশে উত্তেজনা বাড়ছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় খেলোয়াড়দের সম্পর্কে নানা মন্তব্য করছেন।
KNOW
2026 ICC Men's T20 World Cup: রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan) আগে পাকিস্তানের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি অসুস্থতার জন্য রবিবারের ম্যাচে খেলবেন কি না স্পষ্ট নয়। তবে পাকিস্তান শিবির এই ব্যাটারকে নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। অভিষেককে খাটো করে দেখানোর চেষ্টাও শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির (Mohammad Amir) এক টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে দাবি করেছেন, অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই এবং তাঁর টেকনিক ভালো না। ভারতের এই ব্যাটার স্লগারের চেয়ে বেশি কিছু না বলেও দাবি করেছেন আমির। তাঁর আরও দাবি, সহজ পরিকল্পনা করলেই সহজে অভিষেককে আউট করা যায়। রবিবার এই ওপেনার ভারতীয় দলে থাকবেন কি না এবং খেললে পাকিস্তানের বোলাররা তাঁকে সহজেই আউট করতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে, তবে আপাতত ক্রিকেট মহলে তাঁকে নিয়ে আলোচনা চলছে।
নিউজিল্যান্ড যা পারেনি তা করে দেখাবে পাকিস্তান!
সম্প্রতি ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টি-২০ সিরিজ চলাকালীন কিউয়ি বোলিং কোচ জ্যাকব ওরাম (Jacob Oram) বলেন, অভিষেককে থামানো খুবই কঠিন। তাঁর ব্যাটিংয়ে কোনও দুর্বলতা আছে কি না খুঁজে বের করতে হবে। কিন্তু আমির বলেছেন, ‘অভিষেক শর্মা একজন স্লগার। ও সব বলেই মারতে চায়। ব্যাটে-বলে হলে হল, না হলে আউট হওয়ার সম্ভাবনাই বেশি। ও আট ইনিংসে ব্যাটিং করে মাত্র এক ইনিংসে রান করেছে। বাকি ইনিংসগুলিতে ১০, ১৫, ২০, ০ রান করেছে। ও ক্রিজে দাঁড়িয়ে স্লগ করে। ওর টেকনিক ভালো না। অভিষেক অত্যন্ত ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলে। ওকে আউট করতে হলে ডিপ কভারে কাউকে রেখে ওর শরীর লক্ষ্য করে বোলিং করতে হবে। এছাড়া স্লোয়ার ডেলিভারি দিতে হবে। তাহলেই ওকে আউট করা যাবে।’
ফিট হয়ে ওঠার চেষ্টায় অভিষেক
ভারত-নামিবিয়া (India vs Namibia) ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হন অভিষেক। তারপর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


