
IPL 2027: আইপিএল-এর আগামী মরসুমে কি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? তাঁর উপরেই সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছেন এই ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan)। তিনি বরাবরই ধোনির উপর ভরসা করেন। আগেও সিএসকে সিও বলেছেন, ধোনি যতদিন চাইবেন খেলে যাবেন। তাঁরা কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। ২০২৬ সালের আইপিএল-এ (IPL 2026) কোনও ম্যাচেই খেলেননি ধোনি। তবে তিনি দলের সঙ্গেই ছিলেন। এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার যদি আগামী আইপিএল-এও খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে যুক্ত থাকতে চান, তাহলে ফ্র্যাঞ্চাইজি তাঁকে রেখে দিতে তৈরি। তিনি যে ভূমিকায় থাকতে চাইবেন তাতেই রাজি সিএসকে ম্যানেজমেন্ট।
ধোনির ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসকে সিইও বলেছেন, ‘এই প্রশ্নটা ওকেই করা উচিত। আমাকেও ওকে জিজ্ঞাসা করতে হবে। চেন্নাইয়ে এলে ও আমাদের নিজের সিদ্ধান্তের কথা জানায়। আমার মনে হয়, সিএসকে-র হয়ে ওর খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ও এখনও একজন ক্রিকেটার।’ সিএসকে-র কোচিং স্টাফে সম্প্রতি বেশ কিছু রদবদবল দেখা গিয়েছে। ক্রিকেট মহলে আলোচনা চলছে, ধোনির মতামত অনুযায়ীই এই রদবদল করা হয়েছে। এখনও তাঁর উপর ভরসা করছে সিএসকে ম্যানেজমেন্ট। এই কারণেই জল্পনা চলছে, আইপিএল থেকে অবসর ঘোষণার বদলে আরও এক মরসুমে খেলতে পারেন ধোনি। তবে তিনি কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে আগাম কিছু বলা কঠিন।
কিছুদিন আগে শোনা যাচ্ছিল, সিএসকে ফ্র্যাঞ্চাইজির শেয়ার কিনতে চাইছেন ধোনি। কিন্তু ম্যানেজমেন্ট তাঁর চাহিদা অনুযায়ী শেয়ার ছাড়তে রাজি হচ্ছিল না। শেষপর্যন্ত এই জটিলতা দূর হয়েছে। সিএসকে ম্যানেজমেন্ট জানিয়েছে, শেয়ার হস্তান্তরের বিষয়ে ধোনির সঙ্গে কোনও সমস্যাই তৈরি হয়নি। ফলে এই ফ্র্যাঞ্চাইজিতে ধোনির থাকতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তিনি ফিট থাকলে খেলতেই পারেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।