
2026 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ ডি থেকে কোন দুই দল সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন করল এবং কোন তিন দল ছিটকে গেল, তা মঙ্গলবারই ঠিক হয়ে গেল। এই গ্রুপের শীর্ষে থেকে আগেই সুপার এইটে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। মঙ্গলবার কানাডাকে (New Zealand vs Canada) হারিয়ে নিউজিল্যান্ডও সুপার এইটের যোগ্যতা অর্জন করল। এই গ্রুপ থেকে ছিটকে গেল আফগানিস্তান (Afghanistan), সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ও কানাডা। চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল নিউজিল্যান্ডয দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি তিন ম্যাচ করে খেলে দুই পয়েন্ট করে পেয়েছে। কানাডা তিন ম্যাচ খেলে পয়েন্ট পায়নি।
এদিন চিপকে (Chepauk) কানাডার বিরুদ্ধে আট উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে কানাডা চার উইকেট হারিয়ে ১৭৩ রান করে। জবাবে নিউজিল্যান্ড ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ম্যাচের সেরা গ্লেন ফিলিপস (Glenn Phillips)। কানাডার তরুণ ওপেনার যুবরাজ সামরা (Yuvraj Samra) ঝোড়ো শতরান করার পরেও দলকে জেতাতে পারলেন না। তবে তাঁর এই ইনিংস প্রশংসিত হচ্ছে।
চলতি টি-২০ বিশ্বকাপে কানাডা এখনও পর্যন্ত কোনও ম্যাচে জয় না পেলেও, শতরান করে অসাধারণ নজির গড়লেন যুবরাজ। এই তরুণ ওপেনার মঙ্গলবার ৬৫ বলে ১১০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি। কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া (Dilpreet Bajwa) ৩৬ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও ফিলিপস। রবীন্দ্র ৩৯ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। ফিলিপস ৩৬ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। ফলে জয় পেল নিউজিল্যান্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।