
India tour of New Zealand 2026: নিজেদের দেশেই ভারতের বিরুদ্ধে কোণঠাসা নিউজিল্যান্ড। টি-২০, ওডিআই সিরিজ জেতার পর এবার প্রথম টেস্ট ম্যাচেও জাঁকিয়ে বসেছে ভারতীয় দল। শনিবার ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) ম্যাচের তৃতীয় দিনের তৃতীয় সেশনে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের রান টপকে গেল ভারতীয় দল। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩৬৮ রানে অলআউট হয়ে যায় কিউয়িরা। শনিবার দ্বিতীয় সেশন শেষ হওয়ার সময় ভারতীয় দলের স্কোর ছিল দুই উইকেট হারিয়ে ৩৪৪। সেই সময় নিউজিল্যান্ডের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল ভারতীয় দল। এরপর তৃতীয় সেশনে এগিয়ে গেল ভারত। এই ম্যাচে এখনও দু'দিনের খেলা বাকি। ফলে দ্বিতীয় ইনিংসে বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে ভারতীয় দলের জয়ের আশা উজ্জ্বল।
শনিবার ম্যাচের তৃতীয় সেশনে ২৯০ বলে ১৩৬ রান করে আউট হয়ে গেলেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল (KL Rahul)। এই তারকা ব্যাটারের ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) সঙ্গে জুটিতে ৯১ রান যোগ করেন রাহুল। এই জুটিই ভারতীয় দলকে প্রথম ইনিংসে এগিয়ে দিল। এর আগে ওপেনিং জুটিতে যশস্বহী জয়সোয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে ১৩০ রান যোগ করেন রাহুল। যশস্বী ৮৫ রান করে আউট হয়ে যান। তিনি নিশ্চিত শতরান হারান। তবে রাহুল দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকার পর শনিবার তৃতীয় দিন শতরান পূর্ণ করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দেবদত্ত পাড়িক্কলও (Devdutt Padikkal) ভালো পারফরম্যান্স দেখান। তিনি ৮০ রান করে আউট হয়ে যান। পাড়িক্কলও নিশ্চিত শতরান হারান।
রাহুল আউট হয়ে যাওয়ার পর শুবমানের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এখন এই দুই তারকা ব্যাটার ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে ভারতের রান ৪০০ পেরিয়ে গিয়েছে। শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছেেন শুবমান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।