
Pakistan Cricket Board: ফিল্ডিং কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়ে ট্রোলড পাকিস্তান ক্রিকেট বোর্ড। পেশা সংক্রান্ত অ্যাপে এই বিজ্ঞাপন দেয় পিসিবি। এরপরেই শুরু হয়ে যায় ব্যঙ্গ। একজন ব্যঙ্গ করে লেখেন, পিসিবি-র সিভি-র তালিকা শেষ হয়ে গিয়েছে। তাই নিয়োগ প্রক্রিয়াকে ‘মেধাভিত্তিক’ দেখাতে প্রকাশ্যে বিজ্ঞাপন দিতে হয়েছে। আরেকজন লেখেন, তিনি গত ১৩ বছর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কাজ করেছেন, তবুও ফিল্ডিং কোচের পদে আবেদন করার কথা ভাবছেন। আরও একজন মজা করে লেখেন, সাম্প্রতিক সময়ে তিনি জোড়া ক্যাচ ফেলেছেন। তাই তিনিও এই পদের জন্য আগ্রহী। পাকিস্তান ক্রিকেটকে নিয়ে আরেকজনের মন্তব্য, পাকিস্তান ক্রিকেট যেন বিতর্কের শেষ না হওয়া উৎস। এর মধ্যেই একটি ভুয়ো সিভি-ও ছড়িয়ে পড়ে। সেখানে কাল্পনিক প্রার্থী টাকলা আলি হাজারির দক্ষতার তালিকায় আছে ক্যাচ ফেলার পর মুখভঙ্গি সামলানো, সাধারণ হাতকে নিরাপদ হাতে পরিণত করা এবং ক্যাচ পড়ার পর অজুহাতের সংখ্যা মাপার মতো ব্যঙ্গাত্মক বিষয়।
এ বছরের জুলাইয়ে শেন ম্যাকডারমটের (Shane McDermott) পদত্যাগের পর থেকে পাকিস্তান দলে পূর্ণ সময়ের কোনও ফিল্ডিং কোচ নেই। এই কারণেই ফিল্ডিং কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পিসিবি। তবে এমন সময়ে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যখন পাকিস্তান ক্রিকেটে ডামাডোল চরমে। চলতি ইংল্যান্ড সফরে (Pakistan Tour of England, 2026) প্রথম দুই টেস্ট ম্যাচে হার, কোচ ছাঁটাই, সাত ক্রিকেটারকে দেশে ফেরানো, নতুন চেহারার দল নিয়ে তৃতীয় টেস্টের প্রস্তুতির মধ্যে ফিল্ডিং কোচ চেয়ে বিজ্ঞাপন ব্যঙ্গের বিষয় হয়ে উঠেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে (Lord's Test) বড় হেরে যাওয়ার পর পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed) এবং বোলিং কোচ উমর গুলকে (Umar Gul) সরিয়ে দেওয়া হয়েছে। সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচক কমিটিতেও বদল আনা হয়েছে। কিন্তু এতেও সমস্যা মিটছে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।