
Pakistan Cricket News: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর, পাকিস্তান ক্রিকেটে ফের বড়সড় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে (Pakistan cricket coach change)। প্রতিটি আইসিসি টুর্নামেন্টের পর দলে এবং ম্যানেজমেন্টে পরিবর্তন আনাটা পাকিস্তান ক্রিকেটে একটা চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে (T20 World Cup 2026)। বর্তমানে মাইক হেসন হেড কোচের পদে থাকলেও তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির উপদেষ্টারা হেসনের কাজে একদমই খুশি নন, এমনটাই জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি।
নিজের ইউটিউব শো 'গেম প্ল্যান'-এ বাসিত আলি বলেন, ''মাইক হেসন এখন আর চেয়ারম্যানের উপদেষ্টাদের পছন্দের তালিকায় নেই। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত চেয়ারম্যান মহসিন নকভিই নেবেন। কিন্তু হেসনের পক্ষে যে হাওয়া বইছিল, তা এখন অনেকটা আবার উল্টোদিকে বইতে শুরু করেছে। মিসবাহ এবং সরফরাজ কখনোই মাইক হেসনের অধীনে কাজ করবেন না। আমি এটা লিখে দিতে পারি যে, হেসন আর নিজের ইচ্ছেমতো ১৫ জনের স্কোয়াড বেছে নিতে পারবেন না।''
বাসিত আলির মতে, মিসবাহ-উল-হক এবং সরফরাজ আহমেদকে নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করার পিছনে পিসিবির আসল উদ্দেশ্য হল হেসনের ক্ষমতাকে কমানো। প্রভাবশালী মিসবাহ এবং সরফরাজ কমিটিতে আসায় হেসনের সিদ্ধান্ত আর আগের মতো গুরুত্ব পাবে না বলেই মনে করছেন তিনি।
বাসিত আলি সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষতার চেয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফরম্যান্স দেখেই হেসনকে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন তৃতীয় একদিনের ম্যাচটি হেসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচের ফলাফলই হয়তো তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনাগুলি পাকিস্তান ক্রিকেটে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং নেতৃত্বের প্রতি আস্থাহীনতারই প্রমাণ দিচ্ছে বারবার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।