
Rajasthan Royals IPL 2026: আইপিএল-এর উনিশতম মরশুমে রাজস্থান রয়্যালস যখন মাঠে নামবে, তখন সবার চোখ খুঁজবে এমন একজনকে যিনি আদতেই দলে নেই। তিনি হলেন দলের দীর্ঘদিনের স্তম্ভ তথা অধিনায়ক সঞ্জু স্যামসন (rajasthan royals 2026 captain)। আসন্ন এই নতুন সিজনে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলবেন সঞ্জু। যা রাজস্থানের জন্য নিঃসন্দেহে এক বিরাট ক্ষতি (rajasthan royals 2026 team)।
দলের নতুন অধিনায়ক রিয়ান পরাগের কথাতেই সেই গভীরতা স্পষ্ট হয়েছে। তিনি জানিয়েছেন, "সঞ্জুর কোনও বিকল্প হয় না।" তাই এই মরশুমে সঞ্জুর অভাব পূরণ করাই হবে রাজস্থানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঞ্জু চলে যাওয়ায় দ্বিতীয় আইপিএল ট্রফির লক্ষ্যে দলে বড়সড় রদবদল করেছে রয়্যালসরা। নতুন অধিনায়ক হয়েছেন রিয়ান পরাগ। গত মরশুমে সঞ্জু চোট পাওয়ায় পরাগ দলকে নেতৃত্ব দেন।
তাই অধিনায়কত্বের অভিজ্ঞতা তাঁর রয়েছে। সঞ্জুর বদলে চেন্নাই থেকে রবীন্দ্র জাদেজা এবং স্পিনার রবি বিষ্ণোইকে পেয়েছে দল। যা নিয়ে ম্যানেজমেন্টও যথেষ্ট আশাবাদী। তবে জাদেজার সঙ্গে আসা স্যাম কুরানের চোট দলের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করা ভিগনেশ পুথুর এই দলের তরুণ মুখ। অন্যদিকে, রাহুল দ্রাবিড়ের জায়গায় কোচ হিসেবে ফিরে এসেছেন কুমার সাঙ্গাকারা।
তবে গোটা ক্রিকেট বিশ্ব এখন বৈভব সূর্যবংশীর ব্যাটের দিকে তাকিয়ে। প্রথম মরশুমেই ঝড় তোলা এই তরুণ তারকা এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন। তাঁর সঙ্গে যশস্বী জয়সওয়াল থাকায় ওপেনিং নিয়ে রাজস্থানের বিশেষ কোনও চিন্তা না হওয়ারই কথা। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিধ্বংসী ব্যাটিং করা শিমরন হেটমায়ার সম্ভবত ওয়ান ডাউনে নামবেন।
তাছাড়া মিডল অর্ডারে শক্তি জোগাতে থাকছেন অধিনায়ক রিয়ান পরাগ এবং উইকেটকিপার ধ্রুব জুরেল। অলরাউন্ডার হিসেবে অভিজ্ঞতা নিয়ে আসছেন রবীন্দ্র জাদেজা। বোলিং আক্রমণ সামলাবেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার।
পেস বিভাগে দলে রয়েছেন কোয়েনা মাফাকা, অ্যাডাম মিলনে, সন্দীপ শর্মা এবং তুষার দেশপাণ্ডে। তবে রাজস্থান দলের সবচেয়ে বড় দুর্বলতা হল একজন ভালো ফিনিশারের অভাব। হেটমায়ারকে টপ অর্ডারে তুলে আনলে প্রথম তিনজনই বাঁ-হাতি ব্যাটসম্যান হয়ে যাবেন। যা দলের জন্য একটি সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপে টপ অর্ডারে তিনজন বাঁ-হাতি থাকায় ভারত যে সমস্যায় পড়েছিল, বিপক্ষ দলগুলি নিশ্চয়ই সেই সুযোগ নিতে চাইবে।
এছাড়া পরাগের অধিনায়কত্ব নিয়েও সমর্থকদের মধ্যে কিছুটা সংশয় রয়েছে। কারণ, গত মরশুমে তিনি যে ৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে মাত্র দুটিতে রাজস্থান জয় পায়।
সম্ভাব্য প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ডোনোভান ফেরেইরা, জোফ্রা আর্চার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই, অ্যাডাম মিলনে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।