
Rishabh Pant News: আইপিএল-এর আগামী মরসুমে (IPL 2027) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ছেড়ে পুরনো দল দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) ফিরছেন ঋষভ পন্থ। কিছুদিন আগেই তিনি লখনউয়ের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন। এবার তিনি দলও ছাড়তে চলেছেন। ট্রেডের মাধ্যমে লখনউ ছেড়ে দিল্লিতে ফিরবেন ঋষভ। তাঁর পরিবর্তে দিল্লি ছেড়ে লখনউয়ে যোগ দেবেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। আইপিএল গভর্নিং কাউন্সিল প্লেয়ার প্লাস ক্যাশ সোয়াপ অনুমোদন করলেই দল বদলাতে পারবেন ঋষভ। ২০২২ সালের শেষদিকে উত্তরাখণ্ডে (Uttarakhand) মারাত্মক গাড়ি দুর্ঘটনায় চোট পাওয়ার আগে পর্যন্ত এই তারকা উইকেটকিপার-ব্যাটার দিল্লিতে ছিলেন। তিনি ফিট হয়ে মাঠে ফেরার পর আইপিএল-এ দল বদলান। এবার তিনি পুরনো দলে ফিরছেন।
আইপিএল গভর্নিং কাউন্সিল ঋষভ ও কুলদীপের দল বদলের প্রস্তাব অনুমোদন করবে বলে আশা করছে দুই ফ্র্যাঞ্চাইজি। এই ট্রেড অভিনব হতে চলেছে। আইপিএল নিলামে ঋষভকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছিল লখনউ। অন্যদিকে, আইপিএল-এ কুলদীপের দর ১৩.২৫ কোটি টাকা। এই স্পিনার যদি শেষপর্যন্ত ঋষভের পরিবর্তে লখনউয়ে যোগ দেন, তাহলে ঋষভের দর হিসেবে লখনউকে ১৩.৭৫ কোটি টাকা দেবে দিল্লি। ফুটবলে খেলোয়াড়দের দল বদলের ক্ষেত্রে ট্রান্সফার ফি প্রচলিত। এবার আইপিএল-এও সেই ট্রান্সফার ফি দেখা যাবে। আইপিএল গভর্নিং কাউন্সিল আর্থিক লেনদেন এবং ট্রেডের শর্ত খতিয়ে দেখে তবেই তা অনুমোদন করবে বলে জানা গিয়েছে।
দিল্লি ক্যাপিটালস সূত্রে জানা গিয়েছে, লখনউয়ে বিপুল দর পেলেও, দিল্লিতে অনেক কম টাকায় খেলতে রাজি ঋষভ। তিনি পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ১৫ কোটি টাকা পেতে পারেন। তাতে তাঁর কোনও আপত্তি নেই। এমনকী, দলের অধিনায়ক হতেও চাইছেন না তিনি। অন্য কারও নেতৃত্বে খেলতে রাজি এই তারকা ক্রিকেটার। তিনি সাধারণ খেলোয়াড় হিসেবে দলে থাকতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।