
Shreyas Iyer Fined: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে প্রথম শাস্তিমূলক পদক্ষেপ! পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (shreyas iyer fined)। গুজরাত টাইটানসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার-রেটের জন্য শ্রেয়সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বিসিসিআই-এর তরফে (ipl news 2026)।
টানটান উত্তেজনার ম্যাচে গুজরাতকে তিন উইকেটে হারানোর ঠিক পরেই এই জরিমানার খবর আসে। আইপিএল-এর আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, চলতি মরশুমে এটি পাঞ্জাবের প্রথম নিয়মভঙ্গ। তাই জরিমানার অঙ্ক ১২ লক্ষ টাকায় সীমাবদ্ধ রয়েছে। নাহলে আরও বেশি হত। গত মরশুমেও একই ভুলের জন্য শ্রেয়সকে দু-বার জরিমানা দিতে হয়েছিল। সেইবার দ্বিতীয়বার নিয়ম ভাঙায় তাঁকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
গুজরাতের বিরুদ্ধে এই জয়ের ফলে, পাঞ্জাব পয়েন্ট টেবলে খাতা খুললেও পরের ম্যাচগুলিতে ওভার-রেটের দিকে শ্রেয়সকে বাড়তি নজর রাখতে হবে। কারণ, আরেকবার এই ভুল হলে জরিমানার অঙ্ক দ্বিগুণ হয়ে যাবে। এমনকি সাসপেনশনের মতো কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে তাঁকে।
মুল্লানপুরে মঙ্গলবারের ম্যাচে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতকে ১৬২ রানে আটকে দেন পাঞ্জাবের বোলাররা। শুভমান গিল করেন ৩৯ রান এবং জস বাটলারের ঝুলিতে ৩৮ রান। যুযুবেন্দ্র চাহাল এবং মার্কো জ্যানসেনের নিয়ন্ত্রিত বোলিং গুজরাতের রানের গতিতে লাগাম টানে।
শেষ ৫ ওভারে, গুজরাত মাত্র ৩৪ রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে, প্রভসিমরন সিং এবং কুপার কনোলি দ্বিতীয় উইকেটে ৭৭ রান যোগ করে পাঞ্জাবকে সহজ জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
কিন্তু ম্যাচের ১৩ তম ওভারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। মাত্র ১০ বলের ব্যবধানে ৩ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়ে তিনি পাঞ্জাবের ইনিংসে ধস নামান। ১১০/২ থেকে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ১১৮/৬। সেখান থেকে ২২ বছর বয়সী কুপার কনোলির অবিশ্বাস্য অর্ধশতরান পাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। ৪৪ বলে অপরাজিত ৭২ রান করে তিনিই পাঞ্জাবের সর্বোচ্চ স্কোরার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।