
Sourav Ganguly News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তাঁর দলেরই সাংসদ ইউসুফ পাঠানকে (Yusuf Pathan) পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন? সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর মুখ খুললেন সৌরভ। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘এই প্রতিবেদনে আমাকে নিয়ে যে দাবি করা হয়েছে, দূরদুরান্ত পর্যন্ত তাতে কোনও সত্যতা নেই। এই পরিস্থিতিতে আমি এই সত্যি তুলে ধরা প্রয়োজনীয় বলে মনে করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কোনওভাবেই ইউসুফকে পদত্যাগ করার বার্তা দিতে বলেননি। আমিও ইউসুফের কাছে এই ধরনের বার্তা নিয়ে যাইনি। শুধু তাই নয়, আমি জীবনে কোনওদিন কোনও রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকিনি।’
সৌরভ আরও বলেছেন, ‘এই ধরনের কোনও প্রতিবেদন প্রকাশ করার আগে সঠিক তথ্য যাচাই করে নেওয়া উচিত ছিল। স্রেফ গুজবের বশবর্তী হয়ে কোনও প্রতিবেদন প্রকাশ করা উচিত নয়। যেভাবে সত্য ঘটনা যাচাই না করে এই প্রতিবেদনে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Assembly Elections) হেরে যাওয়ার পর মমতা এখন আর জনপ্রতিনিধি নন। তিনি সাংসদ, বিধায়ক নন। কোনও সাংবিধানিক পদে নেই। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, বহরমপুরের সাংসদ ইউসুফকে পদত্যাগ করতে বলে এই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হয়ে লোকসভায় যেতে চাইছেন মমতা। বহরমপুর কেন্দ্রের ভোটারদের অধিকাংশই মুসলিম। ফলে এখানে প্রার্থী হলে জয়ের বিষয়ে আশাবাদী মমতা। শোনা যাচ্ছে, এই কারণেই তিনি বহরমপুরে প্রার্থী হতে চাইছেন। এ বিষয়ে মমতার দূত হিসেবে সৌরভ কাজ করেছেন বলে রটে গিয়েছে। মমতা মুখ্যমন্ত্রী থাকার সময় তাঁর সঙ্গে সৌরভের সম্পর্ক ভালো ছিল। এই কারণেই এখন তাঁদের নিয়ে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।