
IPL 2026: শুক্রবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বড় ব্যবধানে হারানোর পরেও চলতি আইপিএল-এ কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ পেল না সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru)। কারণ, লিগ টেবলে তৃতীয় স্থানে থাকল হায়দরাবাদ। ১৪ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থাকল আরসিবি। দ্বিতীয় স্থানে থাকা গুজরাট টাইটানসও (Gujarat Titans) ১৪ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে আরসিবি-র চেয়ে পিছিয়ে গুজরাট। তৃতীয় স্থানে থাকা হায়দরাবাদও ১৪ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে গুজরাটের চেয়ে পিছিয়ে হায়দরাবাদ। কোয়ালিফায়ার ওয়ানে খেলবে আরসিবি ও গুজরাট। এই ম্যাচে যে দল জয় পাবে, তারা ফাইনালে পৌঁছে যাবে। যে দল হারবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। এলিমিনেটরে হায়দরাদ ও চতুর্থ স্থানাধিকারী দলের ম্যাচে যারা জয় পাবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেট হারিয়ে ২৫৫ রান করে হায়দরাবাদ। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ২২ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অপর ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ১৬ বলে ২৬ রান করেন। ঈশান কিষান (Ishan Kishan) ৪৬ বলে ৭৯ রান করেন। হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ২৪ বলে ৫১ রান করেন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ১২ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ভালো ব্যাটিং করার ফলেই ৫৫ রানে জয় পেল হায়দরাবাদ।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে আরসিবি চার উইকেট হারিয়ে ২০০ রান করে। ওপেনার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ১৯ বলে ৪৪ রান করেন। অপর ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) অবশ্য ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ১১ বলে ১৫ রান করেন। দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ১৪ বলে ২১ রান করেন। অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) ৩৯ বলে ৫৬ রান করেন। ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) ৩১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। টিম ডেভিড (Tim David) সাত বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।